
নতুন কমিটি ঘোষণা ছাড়াই শেষ হলো মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। উপজেলার মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে শুক্রবার এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে কমিটি ঘোষণা না দিয়েই চলে যান কেন্দ্রীয় নেতারা।
সরেজমিন ও দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৪ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আবদুল কুদ্দুস নির্বাচিত হন। আট বছর পর শুক্রবার বেলা তিনটার দিকে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
সম্মেলনের প্রথম পর্ব আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল মহিউদ্দিন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম প্রমুখ।
সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি রেজাউর রহমান খান ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুর রহিম খান প্রার্থী হন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী আহসান, উপজেলা আওয়ামী লীগের নেতা এ আর মাসুদ পিন্টু ও সুদেব কুমার বসু প্রার্থী হন।
দ্বিতীয় অধিবেশনের শুরুতে বিকেল সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলার জ্যেষ্ঠ নেতারা কলেজ ভবনের ভেতরে কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচনের উদ্যোগ নেন। এ সময় ওই ভবনের সামনে সভাপতি প্রার্থী রেজাউর রহমান খান ও আবদুর রহিম খানের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কাউন্সিলরদের ভোট গ্রহণের উদ্যোগ নেওয়ার পরও কেন্দ্রীয় ও জেলার জ্যেষ্ঠ নেতারা আবার মঞ্চে উঠেন। এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন মাইকে ঘোষণা দেন, আজ আর ভোট গ্রহণ হচ্ছে না। ৪ ডিসেম্বর জেলা শহরে জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে কাউন্সিলরদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোট গ্রহণ বা কমিটি ঘোষণা না দেওয়ার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, সভাপতি পদে দুই প্রার্থীকে সমঝোতা করে একজনকে মনোনীত করার অনুরোধ করা হয়েছিল। তবে তাঁরা এতে সম্মত না হওয়ায় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এরই মধ্যে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে কৌশলগত কারণে ৪ ডিসেম্বর কাউন্সিলরদের ভোটের দিন নির্ধারণ করা হয়।
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বলেন, রাত হওয়ায় এবং কেন্দ্রীয় নেতাদের ঢাকায় দলীয় একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা থাকায় তাঁরা চলে যান। এ কারণে কাউন্সিলের ভোটের দিন পেছানো হয়েছে।