
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের মোস্তফা সিএনজি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অটোরিকশাটি মহাসড়ক দিয়ে চলার সময় হঠাৎ সামনের চাকা খুলে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম আফরিন (১৬)। সে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিনের মেয়ে।
এই ঘটনায় আফরিনের বড় বোন আইরিন (২০), মা খালেদা আক্তার (৩৮), চাচি নিগার সুলতানা (৩৫), চাচাতো বোন আবেদা সুলতানা (১৬) ও একই এলাকার অটোরিকশাচালক সাগর দাস (২৩) আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহত সবাইকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
এ ঘটনায় কাভার্ড ভ্যানটির চালক ও সহকারীকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, মহাসড়কে অটোরিকশাটি চলন্ত অবস্থায় সামনের চাকা খুলে একদিকে চলে যায়। ফলে হঠাৎ করে অটোরিকশাটি সড়কের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। পেছনে থাকা চলন্ত কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। ফলে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশায় থাকা আফরিন ঘটনাস্থলে মারা যায়। আহত হয়েছেন আরও পাঁচজন। পুলিশের সদস্যরা ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, অটোরিকশা দুর্ঘটনায় ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন। অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহাদাত হোসেন।