পাবনায় যুবক হত্যার দায়ে তিন বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

পাবনার ফরিদপুর উপজেলায় মনিরুল খাঁ (২৭) নামের এক যুবক হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা নিহত মনিরুল খাঁর বন্ধু ছিলেন। আজ সোমবার দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে শাহীন আহমেদ (৪০), ছোট গোলকাটা গ্রামের মুন্নাফ হোসেনের ছেলে আজম হোসেন (৪২) ও কেনাই পশ্চিম পাড়া গ্রামের জয়নুল সরদারের ছেলে মুকুল সরদার (৪০)। রায় ঘোষণার সময় তিনজনই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২১ জুন কেনাই গ্রামের মাঠে বসে চারজন জুয়া খেলছিলেন। খেলায় মনিরুল জিতে গেলে অন্য তিনজনের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই তিন যুবক মনিরুলকে গলাটিপে হত্যার পর ফসলের মাঠে লাশ ফেলে রাখেন।

পরদিন ২২ জুন স্থানীয় ব্যক্তিদের খবরে পুলিশ মনিরুলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মনিরুলের বাবা ইসাহাক আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১ নভেম্বর শাহীন, আজম ও মুকুলকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।