জামালপুরের বকশীগঞ্জ

সংযোগ সড়ক না থাকায় সাত বছরেও কাজে আসেনি সেতু

সংযোগ সড়ক না থাকায় সাত বছরেও কাজে আসছে না সেতু। সম্প্রতি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া-মালিরচর সড়কের মসজিদপাড়া গ্রামে
 ছবি:  প্রথম আলো

সাত বছর আগে নির্মাণ করা হয়েছে সেতুটি। কিন্তু এখনো সংযোগ সড়ক হয়নি। তাই সেতুটি ব্যবহার করতে পারছেন না ছয় গ্রামের বাসিন্দা। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া-মালিরচর সড়কের মসজিদপাড়া খালের ওপর এই সেতুর অবস্থান। সেতুটি নির্মাণ করা হয় ২০১৫ সালে। কিন্তু তা এলাকাবাসীর কোনো কাজে আসছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি দিয়ে মোল্লাপাড়া, মসজিদপাড়া, দক্ষিণ ধাতুয়াকান্দা, ঝালুরচর, মালিরচর ও খানপাড়া গ্রামের প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করেন। উপজেলার এই সড়ক দিয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াত করেন লোকজন। সেতু পেরিয়ে যেতে হয় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে। এই সড়ক দিয়েই যেতে হয় উপজেলা সদরে। অন্য সড়ক ব্যবহার করে এসব গন্তব্যে চলাচলের সুযোগ থাকলেও এই সড়ক দিয়ে যাতায়াতে সময় কম লাগে। বর্তমানে সেতুতে সংযোগ সড়ক না থাকায় চার কিলোমিটার ঘুরে লোকজন যাতায়াত করছেন।

ছোট্ট ওই খালের ওপর আগে যখন সেতু ছিল না, তখন মানুষের দুর্ভোগের শেষ ছিল না। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০১৫ সালে ২৭ লাখ টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হয়। তখন সেতুর দুই পাশে কাঁচা রাস্তা ছিল। কিছু সময় লোকজন সেতুটি ব্যবহারের সুযোগ পেয়েছিল। ২০১৬ সালে বর্ষার পানিতে সেতুটির দুপাশের সংযোগ সড়ক ধসে যায়। এর পর থেকে সংযোগ সড়কটি আর না হওয়ায় সেতুটি ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত গ্রামবাসী।

গ্রামবাসীর অভিযোগ, এই সেতু এখন শুধু মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁরা ঐক্যবদ্ধ হয়ে কর্তৃপক্ষের কাছে বহুবার ঘোরাঘুরি করেও সেতুটির সংযোগ সড়ক নির্মাণ করিয়ে নিতে পারেননি। ফলে তাঁরা এখন এই সেতু ব্যবহারের আশা ছেড়ে দিয়েছেন। বর্ষা মৌসুমে প্রায় চার কিলোমিটার ঘুরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বা জরুরি প্রয়োজনে সদরে যাতায়াত করেন।

সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জোনাকি আক্তার বলে, বর্ষা মৌসুমে অনেক কষ্ট করে চার কিলোমিটার ঘুরে তাকে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়।

এ ব্যাপারে জানতে চাইলে বকশীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মজনুর রহমান বলেন, ‘সম্প্রতি আমি এই উপজেলায় যোগদান করেছি। এই বিষয়ে আমার কিছুই জানা ছিল না। তবে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ওই সেতুর সংযোগ সড়ক না থাকার বিষয়টি শুনেছি। সেখানে সরেজমিনে পরিদর্শনও করেছি। দ্রুত সময়ের মধ্যে যেকোনো প্রকল্পের মাধ্যমে সেতুর দুই পাশে মাটি কেটে ভরাটের উদ্যোগ গ্রহণ করা হবে।’