ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ইটের আঘাতে মাইক্রোবাসচালক খুন

হত্যা
প্রতীকী ছবি

ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে কুমিল্লা প্রেসক্লাব এলাকায় এক মাইক্রোবাসচালকের ইটের আঘাতে আরেক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

নিহত চালকের নাম লিটন মিয়া। তিনি কুমিল্লা শহরতলির চাঁনপুর গয়ামবাগিচা এলাকার ছন্দু মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মাইক্রোবাসচালক পলিন মিয়া পলাতক। তাঁর বাড়িও একই এলাকায়। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় কুমিল্লা প্রেসক্লাব এলাকার রেন্ট কার স্ট্যান্ডের সামনে ভাড়ায় যাওয়া নিয়ে লিটন মিয়া ও পলিন মিয়ার সঙ্গে বচসা হয়। একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এরপর পলিন মিয়া সড়কের পাশ থেকে একটি ইট নিয়ে লিটন মিয়ার মাথার পেছনে আঘাত করে পালিয়ে যান। দ্রুত লিটন মিয়াকে কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সারা রাত পলিনের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। পলিন গা ঢাকা দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত ও লাশ দাফন শেষে পরিবারের সদস্যরা পলিনকে আসামি করে মামলা করবেন, এর প্রস্তুতি চলছে।