
পায়রা নদীর ভাঙনে বাড়িঘর যেকোনো সময় বিলীন হতে পারে। চাষ করার মতো কোনো জমি নেই। ঘরে অসুস্থ স্ত্রী, নিজেও চলাফেরা করতে পারেন না। চায়ের দোকানের সামান্য আয়ে সংসার চালান পান্না সিকদার। তবে আয়ের একমাত্র মাধ্যম সেই দোকানঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রামপুর গ্রামের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
পান্না সিকদারের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামে। ঘরে বৃদ্ধ মা, স্ত্রী ও এক ছেলে আছে। ছেলে মাদ্রাসায় যষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। কয়েক বছর আগে এলাকাবাসীর সহযোগিতায় এবং স্থানীয় এনজিও থেকে কিছু ঋণ নিয়ে রামপুর গ্রামের আনন্দবাজারে একটি চায়ের দোকান দেন পান্না। দোকানটি ছিল তাঁর আয়ের একমাত্র উৎস।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পান্না সিকদার তাঁর চায়ের দোকান বন্ধ করে বাড়িতে যান। আজ ভোরে লোকমুখে জানতে পারেন, তাঁর দোকানঘরটি আগুনে পুড়ে গেছে। আজ শুক্রবার সকালে দোকানের সামনেই গিয়ে দেখেন সেখানে পড়ে আছে আগুনে পোড়া দোকানের ধ্বংসাবশেষ। কীভাবে আগুনের সূত্রপাত, তা কেউ বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় মজিবর সিকদারের ছেলে মিজান ভাড়ায় মোটরসাইকেল চালান। আজ ভোরে তিনি মোটরসাইকেলে যাত্রী নিয়ে যাওয়ার সময় পান্না সিকদারের দোকানঘরটি পুড়তে দেখেন। পরে তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। তবে অনেক চেষ্টার পরও দোকানঘরটি রক্ষা করা যায়নি।
পান্না সিকদার বলেন, ‘এলাকাবাসীর সহযোগিতা আর এনজিও থেইক্যা টাহা উডাইয়া (টাকা তুলে) কয়েক বছর আগে এই দোহান দিছি। বাড়িঘর যেকোনো মুহূর্তে নদীতে যেতে পারে। তাই প্রয়োজনীয় কাগজপত্র, টাকাপয়সা দোকানে এনে রাখতাম। কিন্তু আগুনে নগদ টাহা, টিভি, ফিরিজ (রেফ্রিজারেটর), গ্যাসের চুলাসহ সব শ্যাষ কইরা দিল। মা, বউ, বাচ্ছা নিয়া এহন কী খামু, কী দিয়া এনজিওর ঋণ শোধ করমু, কিছুই জানি না।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন, দরিদ্র পান্না সিকদার খুবই অসহায়। স্থানীয় লোকজন টাকাপয়সা তুলে তাঁকে দোকানঘরটি করে দিয়েছিলেন। তবে গতকাল রাতের আগুনে সেটিও পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সম্ভব তাঁকে সহযোগিতা করা হবে।