তেল উত্তোলন বন্ধ রেখে খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের কর্মবিরতি

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকায় ট্যাংকলরিগুলো অলস পড়ে আছে। আজ সকালে খুলনা কাশিপুর মেঘনা ঘাটে
ছবি: প্রথম আলো

জ্বালানি তেলে কমিশন এবং ট্যাংকলরির ভাড়া কমানোর প্রতিবাদের পাশাপাশি আগের তিন দফা দাবিতে খুলনার তিনটি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার সকাল আটটা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ কর্মবিরতি পালন করছেন ব্যবসায়ীরা। ফলে খুলনা বিভাগের ১০ জেলাসহ আশপাশের ১৫ জেলায় তেল পরিবহন ও সরবরাহ বন্ধ রয়েছে।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের কমিশন বৃদ্ধি, ট্যাংকলরির ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি জানিয়ে আসছি। অথচ গতকাল সোমবার রাতে তেলের দাম কমানোর পাশাপাশি আমাদের কমিশন ও ট্যাংকলরির ভাড়া কমানো হয়েছে। এর প্রতিবাদে আজ সকাল আটটা থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।’

জ্বালানি তেল ব্যবসায়ীদের আগের তিন দফা দাবি হলো—বর্তমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানো, তেলের ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংকলরির ভাড়া বাড়ানো এবং পেট্রলপাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করা।

খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানান, সোমবার রাতে জ্বালানি তেলের মূল্য ৫ টাকা করে কমানো হয়েছে। সেই সঙ্গে জ্বালানি তেলের কমিশন লিটারে ১০ পয়সা এবং ট্যাংকলরির ভাড়া ৩ পয়সা কমানো হয়েছে। এর প্রতিবাদে আজ সকাল আটটা থেকে হঠাৎ জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন তাঁরা। ফলে খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরিতে তেল পরিবহন ও সরবরাহ বন্ধ রয়েছে।

আন্দোলনরত ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত প্রতি লিটার জ্বালানি তেলের দামের ২ দশমিক ৭১ টাকা কমিশন দেওয়া হচ্ছিল। এর আগে তাঁরা কমিশন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দপ্তরে (বিপিসি, জ্বালানি মন্ত্রণালয়) একাধিকবার আবেদন করেও কোনো ফলাফল পাননি। জ্বালানি তেলের দাম সম্প্রতি প্রায় ৫০ শতাংশ বাড়লেও কমিশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। এ অবস্থায় তাঁরা প্রতি লিটার জ্বালানি তেলের বর্তমান মূল্যের ৭ দশমিক ৫ শতাংশ হারে কমিশন দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। পাশাপাশি তাঁরা চান, ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি এবং পেট্রলপাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করা হোক।

জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, ‘সাত বছর ধরে তেলের কমিশন বাড়ানো এবং ট্যাংকলরির ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছি আমরা। তেলের দাম যখন বাড়ল, তখন কমিশন সেই পর্যায়ে বাড়ানো হয়নি। অথচ পাঁচ টাকা দাম কমানোর সঙ্গে সঙ্গে কমিশন ও ট্যাংকলরির ভাড়া কমানো হয়েছে। আমরা অতিসম্প্রতি বিপিসি চেয়ারম্যানের সঙ্গে আমাদের দাবির বিষয়ে আলোচনা করে এলাম। তিনি ইতিবাচক কথাও বললেন। অথচ কাজে তার বিপরীত ঘটল। আপাতত সারা দিন আমাদের কর্মবিরতি চলবে। এটা কতক্ষণ চলবে বা পরবর্তী সিদ্ধান্ত কী হবে, সে বিষয়ে আজ সভা অনুষ্ঠিত হবে।’

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদুল ইসলাম বলেন, তিন দফা দাবি জানিয়ে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। এসব দাবির বিষয়ে সুরাহা হবে, এমন কথা বলা হয়েছিল। অথচ রাতে কমিশন বাড়ানোর বদলে উল্টো কমানো হয়েছে। সেই সঙ্গে ট্যাংকলরির ভাড়া কমানো হয়েছে। সকালে খুলনার ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন ব্যবসায়ীরা। তবে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকলেও এ সময় ফিলিং স্টেশন থেকে তেল (নিজ নিজ পাম্পে মজুতকৃত) সরবরাহ অব্যাহত আছে।