কুমিল্লায় বিশেষ অভিযানে আটক করা ব্যক্তিদের মধ্যে কয়েকজন
কুমিল্লায় বিশেষ অভিযানে আটক করা ব্যক্তিদের মধ্যে কয়েকজন

কিশোর গ্যাংবিরোধী অভিযান

কুমিল্লায় তিন দিনে আটক ৬১৭ জন, মুচলেকায় ছাড়া ২১৬

কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক কারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত তিন দিনে জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে ৬১৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসহযোগী সংগঠনের ১১৯ নেতা–কর্মী রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২১৬ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আজ রোববার বিকেলে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান। ১২–১৪ নভেম্বর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন তিনি।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান শুরু হয়। পরে এর সঙ্গে মাদক কারবারি, মাদকসেবী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান যুক্ত করা হয়। জেলার ১৮টি থানার পুলিশ ও ডিবি সদস্যরা সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করছেন। বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোকে অভিযানের আওতায় আনা হচ্ছে। পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নিচ্ছেন।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, সর্বশেষ ৭২ ঘণ্টার অভিযানে আটক ৬১৭ জনের মধ্যে ৪০১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক কারবার ও মাদক সেবন, ছিনতাই, সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারা, গ্রেপ্তারি পরোয়ানা এবং নিয়মিত বিভিন্ন মামলায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কোন মামলায় কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সংখ্যা তিনি জানাননি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, উঠতি বয়সের কিশোরদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ, ছিনতাই, চুরি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।

১১ দিনে আটক ২ হাজার ৭৬৫
এর আগে চলতি মাসের ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত কুমিল্লা জেলায় পুলিশের অভিযানে ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বাকি ১ হাজার ১৫৯ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল। ১২ নভেম্বর জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছিল।
২৩ সেপ্টেম্বর শুরু হওয়া বিশেষ অভিযানে গত ২৯ অক্টোবর পর্যন্ত ৫ হাজার ২৪৬ জনকে আটক করেছিল পুলিশ। তাঁদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল।

নিষিদ্ধ সংগঠনের ১১৯ নেতা–কর্মী গ্রেপ্তার
কিশোর গ্যাং, মাদক কারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের গ্রেপ্তারেও অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। সর্বশেষ ৭২ ঘণ্টায় আটক ৬১৭ জনের মধ্যে এ ধরনের সংগঠনের ১১৯ সদস্য রয়েছেন।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কিশোর গ্যাং, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কেউ জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে।