নোয়াখালীতে খাল থেকে যুবকের লাশ উদ্ধার, গলায় ছিল দড়ি প্যাঁচানো

লাশ
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশির খালের মুখে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পুলিশ চর কচ্ছপিয়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, মারা যাওয়া ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। এ ছাড়া লাশটি কয়েক দিন আগের বলে মনে হয়েছে। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধার করা লাশের গলায় দড়ি প্যাঁচানো ছিল। তবে পরনে কোনো পোশাক ছিল না।

পরিদর্শক মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, লাশটি ছোট ফেনী নদীর জোয়ারের পানির সঙ্গে ভেসে খালের মুখে এসে আটকে গেছে। লাশটি কয়েক দিন আগের। মুখমণ্ডলও অনেকটা বিকৃত হয়ে গেছে। স্থানীয় কেউ লাশটি শনাক্ত করতে পারেননি। ময়নাতদন্তের পর আত্মীয়স্বজন কাউকে পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।