কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথে আগুনে পুড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। মঙ্গলবার রাতে
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথে আগুনে পুড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। মঙ্গলবার রাতে

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে হাসপাতালের ফটকে অটোরিকশায় আগুন, শিশুসহ দগ্ধ ৫

কুমিল্লার দাউদকান্দিতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় আগুন লেগে পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামের বিল্লাল হোসেন (৮০), আয়েশা বেগম (৬০), ইয়াছমিন আক্তার (৩০), মো. আলম (৫০) ও মনিরা আক্তার (৫)। তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিল্লাল হোসেন, আয়েশা বেগম ও ইয়াছমিন আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রাশেদ আলম প্রথম আলোকে বলেন, আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ওই তিনজনের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, বিতারা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে মনিরা আক্তার বাড়িতে খেলার সময় নাকে একটি ছোট কাঠি ঢুকিয়ে ফেলে। সেটি বের করার জন্য পরিবারের সদস্যরা রাতে তাঁকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসা শেষে মনিরা ও তাঁর পরিবারের সদস্যরা সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন।

গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে

অটোরিকশাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠার সময় গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এতে অটোরিকশার পাঁচ যাত্রী দগ্ধ হন। তবে আরিয়া ও আরিফ নামের দুই শিশু যাত্রী অক্ষত থাকে।

অটোরিকশায় আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম লাল দাস। তিনি প্রথম আলোকে বলেন, সেখানে গিয়ে দেখেন, অটোরিকশাচালকেরা আগুনে পুড়ে যাওয়া অটোরিকশাটি দ্রুত অন্যত্র সরিয়ে নিয়েছেন।