জুড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

রিফাত আহমেদ
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তরুণের নাম রিফাত আহমেদ (১৮)। তিনি ফুলতলা বাজার এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাকের ছেলে। চার ভাই আর তিন বোনের মধ্যে রিফাত সবার ছোট ছিলেন।

বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাইন উদ্দিন বলেন, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, শীত শুরু হওয়ার পর থেকে দক্ষিণ সাগরনালের একটি মাঠে রিফাত আহমেদসহ কয়েকজন রাতে ব্যাডমিন্টন খেলতেন। মাঠের পাশ দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের একটি লাইন আছে। প্রতিদিনের মতো শুক্রবার রাত ১০টার দিকে খেলার জন্য ওই লাইন থেকে মাঠে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার চেষ্টা করেন রিফাত। একপর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

আজ শনিবার সকালে মুঠোফোনে ফুলতলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন মল্লিক বলেন, অসতর্কতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ পেতে রিফাতের স্বজনেরা চেষ্টা করছেন।

ফুলতলা ইউনিয়নে দায়িত্বে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় সমাই বাজার কার্যালয়ের লাইনম্যান ফারুক আহমেদ বলেন, এ ব্যাপারে তাঁদের কেউ কিছু জানাননি। তবে খেলাধুলা বা অন্য কোনো কাজে বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ সংযোগ নেওয়ার ব্যাপারে স্থানীয় লোকজনকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।