
গাইবান্ধায় ‘সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ’ প্রকল্পের ১০ লাখের বেশি টাকা ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করে আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রকল্প পরিচালক ও হিসাবরক্ষণ কর্মকর্তার যৌথ স্বাক্ষরে আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হিসাবরক্ষণ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু প্রকল্প পরিচালকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ওই প্রকল্প সূত্রে জানা যায়, ২০১৮ সালে সাড়ে পাঁচ বছর মেয়াদি ‘গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ’ প্রকল্প হাতে নেয় সরকার। একই সালের ২ জানুয়ারি প্রকল্প অনুমোদন হয়। এতে ব্যয় ধরা হয় ৫০ কোটি ৯৪ লাখ টাকা। প্রকল্পের কাজ গত বছরের জুনে শেষ হয়। এ টাকা দিয়ে এমব্রয়ডারি, হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন বিষয়ে ১৮ হাজার ৬০০ দরিদ্র নারী-পুরুষকে প্রশিক্ষণ দেওয়ার পর তাঁদের ২৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়।
আমার স্বাক্ষর জাল করে হিসাবরক্ষণ কর্মকর্তা এই টাকা আত্মসাৎ করেন। এ জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আবদুস সবুর, প্রকল্প পরিচালক, গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি
এদিকে প্রকল্প অনুমোদনের সালের ৩ মার্চ আবদুস সবুর গাইবান্ধা পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক হিসাবে যোগ দেন। পদাধিকার বলে তিনি প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব পান। এর আগে ২০১৩ সালের ১৯ ডিসেম্বর হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগ দেন আনিছুর রহমান। তাঁকেও ওই প্রকল্পের হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
ওই প্রকল্পের টাকা লেনদেনের জন্য অগ্রণী ব্যাংক গাইবান্ধা শাখায় একটি হিসাব খোলা হয়, যা প্রকল্প পরিচালক ও হিসাবরক্ষণ কর্মকর্তার যৌথ স্বাক্ষরে পরিচালিত হতো। প্রকল্পের টাকা লেনদেনের একপর্যায়ে ওই দুই কর্মকর্তা ২০১৭-১৮ অর্থবছরে একই ব্যাংকে আনিছুর রহমানের নামে একটি ব্যক্তিগত হিসাব নম্বর খোলেন।
২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি প্রকল্প পরিচালক ও হিসাবরক্ষণ কর্মকর্তা স্বাক্ষরিত চিঠি ব্যাংকে দিয়ে মূল হিসাব থেকে অবৈধ পন্থায় ১০ লাখ ৮৮ হাজার ৩৪০ টাকা ওই ব্যক্তিগত হিসাব নম্বরে স্থানান্তর করা হয়।
এই টাকা চার বছর অব্যবহৃত অবস্থায় জমা থাকে। পরে হিসাবরক্ষণ কর্মকর্তা তাঁর ব্যক্তিগত চেকমূলে টাকা উত্তোলন করেন। গত বছরের নভেম্বর মাসে ঘটনাটি গাইবান্ধা পল্লী উন্নয়ন বোর্ডের অভ্যন্তরীণ তদন্তে ধরা পড়ে। এরপর প্রকল্প পরিচালক চলতি বছরের ৫ অক্টোবর সাময়িক দরখাস্ত করেন হিসাবরক্ষণ কর্মকর্তা আনিছুরকে।
এ বিষয়ে অগ্রণী ব্যাংক গাইবান্ধা শাখার ব্যবস্থাপক রাকিবুল ইসলাম বলেন, প্রকল্প পরিচালক ও হিসাবরক্ষণ কর্মকর্তার যৌথ স্বাক্ষর করা চিঠির বলে ওই পরিমাণ টাকা অন্য হিসাবে স্থানান্তর করা হয়েছে। নিয়ম অনুযায়ী, হিসাব পরিচালনাকারী চাইলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা হস্তান্তর করতে পারে। পরে সেই টাকা কে উত্তোলন করেছেন, তা ব্যাংকের জানার বিষয় নয়।
টাকা ভাগাভাগির অভিযোগ অস্বীকার করে আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘যৌথ স্বাক্ষরে সব হিসাব পরিচালিত হতো। আমি প্রকল্পের অধীন কর্মচারী। প্রকল্প পরিচালক এই টাকা আমার হিসাবে নিয়ে উত্তোলন করে তাঁকে দেওয়ার চাপ দেন। এতে আমি আপত্তি জানালে তিনি ভয় দেখান। পরে আমি বাধ্য হয়ে আমার হিসাবে টাকা নিয়ে উত্তোলন করে প্রকল্প পরিচালকের হাতে দিই।’
ওই প্রকল্প নিয়ে বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গত বছর ৭ ডিসেম্বর প্রথম আলোয় ‘গাইবান্ধায় দারিদ্র্য দূরীকরণ: ৫১ কোটি টাকার কাজে নয়ছয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এসব বিষয়ে গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির প্রকল্প পরিচালক (পিডি) আবদুস সবুর বলেন, ‘আমার স্বাক্ষর জাল করে হিসাবরক্ষণ কর্মকর্তা এই টাকা আত্মসাৎ করেন। এ জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে বিআরডিবির যুগ্ম পরিচালক মিজানুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি হয়েছে। তদন্ত চলছে।’