কটূক্তির অভিযোগে গাজীপুরে গ্রেপ্তার তরুণের মুক্তির দাবিতে থানায় অবস্থান নেন এনসিপির নেতা–কর্মীরা। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের গাছা থানায়
কটূক্তির অভিযোগে গাজীপুরে গ্রেপ্তার তরুণের মুক্তির দাবিতে থানায় অবস্থান নেন এনসিপির নেতা–কর্মীরা। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের গাছা থানায়

গাজীপুরে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানায় এনসিপির নেতা–কর্মীদের অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে গাজীপুরে সিফাত আবদুল্লাহ (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী। তিনি প্রথম আলোকে বলেন, সিফাতের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বিস্তারিত তথ্য পরে জানানো হবে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী এবং গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দরের ছেলে।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা সিফাতের মুক্তির দাবিতে গতকাল রাতে গাছা থানার সামনে অবস্থান নেন। রাত দুইটার পর তাঁরা থানা এলাকা ছেড়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত আবদুল্লাহ বেশ কিছুদিন ধরে প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক লেখা প্রকাশ করছিলেন। সম্প্রতি তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নজরে আসে। পরে তাঁরা গাছা থানা–পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

সিফাতের ফেসবুক আইডিতে থাকা ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, তিনি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ভিডিওতে দাবি করেন, চলতি মাসে তাঁর বাসায় চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে।

সিফাতকে এনসিপির সমর্থক ও ইনকিলাব মঞ্চের ভক্ত দাবি করে এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান বলেন, তিনি এনসিপি, বিএনপিসহ বিভিন্ন দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তাঁকে অহেতুক গ্রেপ্তার করা হয়েছে।

সিফাতকে গ্রেপ্তারের প্রতিবাদে আলী নাছের খান তাঁর ফেসবুক আইডিতে একাধিক পোস্ট ও ভিডিও প্রকাশ করেন। সর্বশেষ একটি পোস্টে তিনি লেখেন, ‘কমিশনার সাহেব, সিফাত ইস্যু মাত্র ন্যাশনাল (জাতীয় পর্যায়ে) হয়েছে। তাকে মুক্তি না দিলে ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক পয়ায়ে) হবে। খুবই নরমভাবে বললাম। নিজেদের ভালোটা বুঝুন এবং নাগরিকদের পাশে থাকুন।’

এনসিপির নেতা-কর্মীদের দাবি, সিফাত জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। তিনি সরকারের বিভিন্ন অনিয়ম, সিদ্ধান্ত এবং তেল, গ্যাস ও বিদ্যুতের মতো বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেন। বিভিন্ন সময় তিনি এনসিপিসহ অন্য রাজনৈতিক দলেরও সমালোচনা করেছেন।

সিফাতের ফেসবুক আইডিতে থাকা ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, তিনি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ভিডিওতে দাবি করেন, চলতি মাসে তাঁর বাসায় চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে।