খুলনায় গণ অধিকার পরিষদের নেতাকে গাঁজা দিয়ে ফাঁসানোর অভিযোগ

হামিদুর রহমান
ছবি: সংগৃহীত

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের নেতা নুরুল হকের দলের খুলনা জেলার সদস্যসচিব হামিদুর রহমান ওরফে রাজিবকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে তাঁকে এক কেজি গাঁজাসহ মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তবে দলটির নেতা, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের মহেশ্বরপাশা এলাকার বাড়ি থেকেই হামিদুরকে তুলে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাঁর বাড়ি ঘিরে রাখে গোয়েন্দা পুলিশ। রাত সাড়ে আটটার দিকে তাঁকে ওই এলাকার আনিসের মোড়ে নিয়ে এক কেজি গাঁজা ‘উদ্ধার’ দেখিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোরশেদ ২৪ ফেব্রুয়ারি বাদী হয়ে নগরের দৌলতপুর থানায় হামিদুর রহমানের (৩৪) বিরুদ্ধে মাদক মামলা করেন।

এলাকাবাসী জানান, হামিদুরের বাবা মারা গেছেন অনেক আগে। হামিদুররা তিন ভাই। বর্তমানে সবাই ঢাকায় থাকেন। তাঁদের মা খালেদা বেগম খুলনার বাড়িতে থাকেন। হামিদুর গত সপ্তাহে মাকে দেখতে খুলনায় আসেন। এর আগে কখনো হামিদুরের বিরুদ্ধে মাদক বিক্রি বা সেবনের কোনো অভিযোগ এলাকার মানুষ পাননি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২৩ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মহেশ্বরপাশা প্রধান সড়কের আনিসের মোড়ের ‘অস্থায়ী নিবাস’ নামের বাড়ির সামনে পাকা রাস্তায় একজন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। রাত নয়টায় সেখানে উপস্থিত হলে ওই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর হাতে থাকা বাজারের ব্যাগের মধ্যে পলিথিনে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত লোকজনের সামনে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নাম-ঠিকানা এবং বিক্রির জন্য সঙ্গে গাঁজা রাখার কথা স্বীকার করেছেন।

গণ অধিকার পরিষদের খুলনা জেলা আহ্বায়ক মো. বিল্লাল হোসেন বলেন, হামিদুর ও তাঁর স্বজনদের মুখ থেকে তাঁরা জানতে পেরেছেন, সন্ধ্যা সাতটার দিকে তেলিগাতি এলাকা থেকে ধরে তাঁর বাসায় নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর বাসায় ভাঙচুর ও তাঁকে মারধর করা হয়। এরপর পাশের মোড়ে নিয়ে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

বিল্লাল হোসেন অভিযোগ করেন, ‘আমরা এর প্রতিবাদে একটা সংবাদ সম্মেলন ডেকেছিলাম। শুরুর পরই পুলিশ গিয়ে সেটার অনুমতি নিয়েছি কি না, প্রশ্ন তোলে। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক হিসেবে একটা সংবাদ সম্মেলন করতে পারব না, এটা হতাশাজনক।’

হামিদুরদের বাড়ি থেকে বের হতেই সেদিনের ঘটনাস্থল আনিসের মোড়। পুলিশের করা মামলার এজাহারে ওই মোড়ের চা–দোকানি মিজানুর রহমান ও শ্রমিক রাজু গাজীকে সাক্ষী করা হয়েছে।

মিজানুরের স্ত্রী আলেয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘আমাদের কেন সাক্ষী করা হয়েছে, তা বলতে পারব না। পুলিশ ওকে ধরে এনে বলেছে ওর কাছ থেকে গাঁজা উদ্ধার হয়েছে, আপনারা দেখেন। গাঁজা কোথা থেকে উদ্ধার হয়েছে, সেটা পুলিশ জানে, আর যাকে ধরেছে সে–ই জানে, আমরা দেখিনি। আমার স্বামী বা অন্য দোকানদার যাঁরা সই দিয়েছেন, তাঁরা কেউ তো ঘটনাস্থলেই ছিলেন না।’ তিনি বলেন, ‘আমরা পাশে থাকি। জানামতে ছেলেটা ভালো। মাদক খাওয়া বা বেচা—এমন কোনো কাজে কখনো দেখিনি, শুনিনি। আগে মাহিন্দ্রা চালাত। মাঝে ঢাকায় গিয়েছিল। কয়েক দিন আগে এসেছে।’

আরেক সাক্ষী রাজু গাজী প্রথম আলোকে বলেন, ‘কোথা থেকে পুলিশ তাঁকে এনেছিল, জানি না। দোকানের সামনে সবাইকে বিষয়টা দেখাল। আমরা দেখলাম, এই আর কি।’

মামলার বাদী এসআই নিয়াজ মোরশেদ বর্তমানে সাতক্ষীরায় একটি প্রশিক্ষণে আছেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘তাঁদের অভিযোগ ভিত্তিহীন। এক কেজি গাঁজাসহ হাতেনাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এক-দুটি ইয়াবা বা এক–দুই শ গ্রাম গাঁজা, বিষয়টা এ রকম না। এক কেজি মাদক দিয়ে কাউকে ফাঁসানো সম্ভব, বলেন?’ আর তিনি যে গণ অধিকার পরিষদের নেতা, এটা তাঁরা জানতেনই না। তাঁর সঙ্গে আগে কোনো পরিচয়ই ছিল না। গাঁজা উদ্ধারের পর ওই মোড়ে অনেক মানুষের সামনেই তাঁকে আটক করা হয়। ওই ধরনের কোনো কিছু হওয়ার প্রশ্নই আসে না।