মো. সিয়াম
মো. সিয়াম

ময়মনসিংহে বৈশাখী মেলায় কথা-কাটাকাটির জেরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বৈশাখী মেলায় তুচ্ছ ঘটনায় বন্ধুবান্ধবের সঙ্গে কথা-কাটাকাটির জেরে মো. সিয়াম (১৫) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার পদুরবাড়ী মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আবদুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ শুক্রবার ভোর চারটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সিয়াম মারা যায়।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পদুরবাড়ী হাইস্কুল মাঠে দুই দিনব্যাপী বৈশাখী মেলা চলছিল। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বন্ধুদের সঙ্গে মেলায় যায় সিয়াম। সেখানে কথাবার্তার একপর্যায়ে বন্ধুদের দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেখানে নিজেরাই বিষয়টি সমাধান করে নেয়। কিছুক্ষণ পর মেলার এক পাশে সিয়ামকে একা পেয়ে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোর চারটার দিকে সে মারা যায়।

এ ঘটনায় উপজেলার রামনাথ বাড়ি গ্রামের মান্নানের ছেলে মো. নাজমুল (৩৫) ও ১৩ বছর বয়সী এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকালে হেফাজতে নিয়েছে পুলিশ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, দুই এলাকার তরুণদের মধ্যে বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।