বগুড়া সদর থানার লুণ্ঠিত দুটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। রোববার বিকেলে উপজেলার ঘোলাগাড়ী পূর্বপাড়ায়
বগুড়া সদর থানার লুণ্ঠিত দুটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। রোববার বিকেলে উপজেলার ঘোলাগাড়ী পূর্বপাড়ায়

বগুড়ায় থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র পাওয়া গেল ডোবায়

বগুড়া সদর থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া দুটি অস্ত্র একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী পূর্বপাড়া গ্রামের একটি ডোবায় অস্ত্র দুটি পাওয়া যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডোবা থেকে জমিতে সেচের জন্য পানি নিতে গেলে একজন কৃষক কাদামাটির মধ্যে অস্ত্র দুটি দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ অস্ত্র দুটি হেফাজতে নেয়। উদ্ধার হওয়া অস্ত্র দুটির মধ্যে একটি এলএমজি ও একটি চায়নিজ রাইফেল।

ওসি মঈনুদ্দিন আরও বলেন, ৫ আগস্ট সদর থানায় হামলা করে অগ্নিসংযোগ করা হয়। এ সময় থানার অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরনের ৩৯টি আগ্নেয়াস্ত্র লুট হয়। পরে ২৪টি অস্ত্র উদ্ধার হয়েছে। বাকি ১৫টি অস্ত্রের মধ্যে আজ আরও দুটি অস্ত্র ডোবায় পাওয়া গেল।