সিলেটের জৈন্তাপুর গোয়াবাড়ী সীমান্তে সুপারি ও কাঠ সংগ্রহ করতে গিয়ে গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। পরে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
নিহত ব্যক্তির নাম সালাম মিয়া (৫২)। তিনি জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী আদর্শ গ্রামের বাসিন্দা। তিনি মৃত মছদ্দর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালাম মিয়া জৈন্তাপুরের গোয়াবাড়ী ভারতীয় সীমান্ত এলাকায় আজ ভোরে কাঠ ও সুপারি সংগ্রহ করতে যান। এ সময় ভারতীয়দের ছোড়া ছররা গুলিতে আহত হন। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেন। সালামের মাথায় ও পিঠে ছররা গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ প্রথম আলোকে বলেন, সালাম মিয়া ভারতের সীমানায় ঢুকে পড়েছিলেন। ভারতীয় খাসিয়ারা তাঁকে লক্ষ্য করে ছররা গুলি ছুড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।