পটুয়াখালী বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর ‘মিষ্টি খাওয়া নিয়ে’ দুপক্ষের সংঘর্ষ

বুধবার রাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়
ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকে হওয়া এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতেই ছাত্রলীগ একটি আনন্দমিছিল বের করে। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে নেতা-কর্মীরা মিষ্টি খাওয়া নিয়ে নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শেরেবাংলা হল-২ শাখার সাবেক দপ্তর সম্পাদক গোলাম রাব্বিকে মারধর করা হয়। তাঁকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। এর জেরে গতকাল রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ২০ জন আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন সোহেল রানা, মো. জাহিদ, মো. সানিউল ইসলাম, মো. জয়, মো. মেহেদী, জাহিদ হাসান, রাফসান। অন্যদের বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে ও মেহেদী হাসানকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন। আমরা নতুন কমিটির সবাইকে নিয়ে একত্রে কাজ করার জন্য আহ্বান জানাই। কিন্তু কতিপয় নেতা-কর্মী আমাদের আহ্বানে সাড়া না দিয়ে পৃথকভাবে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্‌যাপন করেন। তাঁরা দলের গুরুত্বপূর্ণ পদ না পেয়ে এভাবে আলাদাভাবে কর্মসূচি পালন করছে ও বহিরাগতদের নিয়ে হামলার ঘটনা ঘটিয়েছে।’

এ বিষয়ে শেরেবাংলা হল-২ শাখা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম রাব্বির বক্তব্যের জন্য মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সন্তোষ কুমার বসু প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের সবাইকে একত্র হয়ে কাজ করতে বলেছি আমরা। সবাই তো পদ পাননি, যাঁরা পদ পেয়েছেন এবং যাঁরা পাননি, তাঁদের মধ্যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ সময় বহিরাগতদেরও উপস্থিতি ছিল। ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।’