পরিবেশদূষণ সম্পর্কে সচেতনতার বার্তা দিতে যশোরের বিমানবন্দর সড়কের গোরাপাড়া সর্বজনীন দুর্গামন্দিরের সামনে পরিত্যক্ত সাত হাজার প্লাস্টিকের বোতল দিয়ে এই ফটক নির্মাণ করা হয়েছে
পরিবেশদূষণ সম্পর্কে সচেতনতার বার্তা দিতে যশোরের বিমানবন্দর সড়কের গোরাপাড়া সর্বজনীন দুর্গামন্দিরের সামনে পরিত্যক্ত সাত হাজার প্লাস্টিকের বোতল দিয়ে এই ফটক নির্মাণ করা হয়েছে

যশোরে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে দুর্গামন্দিরের দৃষ্টিনন্দন তোরণ

পরিত্যক্ত সাত হাজার প্লাস্টিকের বোতল দিয়ে মন্দিরের প্রবেশপথে তৈরি করা হয়েছে নান্দনিক সুউচ্চ তোরণ। প্রতিদিনই তা দেখতে আসছেন অনেকে। পরিবেশদূষণ সম্পর্কে সচেতনতার বার্তা দিতে যশোরের বিমানবন্দর সড়কের গোরাপাড়া সর্বজনীন দুর্গামন্দিরের সামনে এই ফটক নির্মাণ করা হয়েছে। মন্দিরটির ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সেখানকার হরিজন সম্প্রদায়ের লোকজন।

গতকাল শনিবার রাতে ওই পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, গোরাপাড়া এলাকায় হরিজন সম্প্রদায়ের মানুষদের পূজা-অর্চনার জন্য একটি স্থায়ী মন্দির আছে। প্রধান সড়ক থেকে ওই মন্দিরে প্রবেশমুখে অস্থায়ী সুউচ্চ তোরণটি বানানো হয়েছে। প্লাস্টিকের বোতলই এই তোরণের প্রধান উপকরণ। প্রায় সাত হাজার প্লাস্টিকের ছোট ছোট বোতল ব্যবহার করে তিনজন কারিগর নান্দনিক ও ব্যতিক্রমী এই তোরণ নির্মাণ করেছেন। তোরণ থেকে প্রায় ৫০ গজ দূরে গোরাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ। রাস্তার দুই পাশে এবং ওপরে লাগানো হয়েছে মরিচবাতি। মন্দিরের সামনের জায়গাটুকু ঝকঝকে পরিচ্ছন্ন।

মন্দিরে স্থাপিত দুর্গা, অসুর, গণেশসহ সব প্রতিমার গায়ের রঙে আনা হয়েছে ভিন্নতা। এবারের প্রতিমায় সবুজের আধিক্য। গোরাপাড়া এলাকার বাসিন্দারা পূজায় সব সময়ই নতুন কিছু করেন। তোরণে নান্দনিকতার পাশাপাশি প্রতিমাগুলোতেও আনা হয় ভিন্নতা। এবার পানির খালি বোতল দিয়ে তোরণ তৈরি করে চমক দিয়েছে মন্দির কমিটি। নান্দনিক তোরণ দেখে মুগ্ধ দর্শনার্থীরাও।

চূড়ামনকাঠি ইউনিয়ন থেকে মন্দিরের আসা কয়েকজন বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যশোরের প্রতিটি মন্দিরে নতুন আঙ্গিকে প্রতিমা ও তোরণ নির্মাণের রেওয়াজ আছে, যা দৃষ্টিনন্দন হয়। কিন্তু পরিত্যক্ত প্লাস্টিক বোতল দিয়ে তোরণ নির্মাণের ধারণাটি এই প্রথম দেখেছেন তাঁরা।

তোরণের মূল পরিকল্পনাকারী সজীব দাস বলেন, ছয় মাস ধরে বিভিন্ন দোকান থেকে ৭ হাজার ২০১টি ব্যবহৃত প্লাস্টিকের পুরোনো বোতল সংগ্রহ করা হয়েছে। মন্দিরের মূল ফটক নির্মাণ করতে তিনজন কারিগরের তিন মাস সময় লেগেছে। চিকন তার দিয়ে বোতলগুলো একটির সঙ্গে আরেকটি সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া কাপড় ও বাঁশ ব্যবহার করা হয়েছে।

প্রতিবছর দুর্গাপূজায় একটু আলাদা কিছু করার চেষ্টা থাকে বলে জানান গোরাপাড়া সর্বজনীন দুর্গামন্দির কমিটির সভাপতি ভরত দাস। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা চাই, শুধু যশোর না; গোটা দেশে যেভাবে তোরণ বানানো হয়, আমাদেরটা যেন কিছুটা ব্যতিক্রম হয়। সেই ধারণা থেকেই এ বছর পরিবেশদূষণ রোধে সচেতনতার বার্তা দিতে প্লাস্টিকের পরিত্যক্ত খালি বোতল ব্যবহার করে তোরণ নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণে ৪০ হাজার টাকা খরচ হয়েছে।’

ভরত দাস বলেন, গত বছর পূজার সময় গোরাপাড়ায় ভারতের দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তোরণ নির্মাণ করা হয়। এর আগের বছর একটি বিশাল রাক্ষসের মাথা নির্মাণ করা হয়। ওই রাক্ষসের মুখের ভেতর দিয়ে মন্দিরে প্রবেশের পথ রাখা হয়। সেটা নান্দনিক শিল্পকর্ম ছিল। মন্দিরের তোরণ দেখতে এখানে প্রতিবছর সর্বস্তরের মানুষের ভিড় হয়।