
চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নেতা–কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আজ শুক্রবার দুপুরে কর্ণফুলীর ফকিরনীরহাট এলাকায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে দীর্ঘ ১৮ বছর পর কাল শনিবার আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন সফল করতে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ। এর আগে গত মঙ্গলবার বর্ধিত সভা করেছে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ। দুই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ ছাড়া সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন উপস্থিত থাকবেন।
সম্মেলনের প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের আগ্রহী একাধিক নেতা বলেন, নতুন করে সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ায় তাঁরা বেশ আনন্দিত। এর আগেও সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে সম্মেলন স্থগিত হওয়ায় নেতা–কর্মীরা হতাশ হয়েছেন। এবার নতুন উদ্যমে তাঁরা সম্মেলনের জন্য অপেক্ষা করছেন। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তাঁদের অভিভাবক। সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণের বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৯ ও ৩০ জুলাই আনোয়ারা ও কর্ণফুলীতে আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে কেন্দ্র করে দুই উপজেলায় সম্মেলন প্রস্তুতি কমিটি করে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচিও শুরু হয়েছিল। ইউনিয়নে ইউনিয়নে বর্ধিত সভা ও প্রস্তুতিমূলক সভাও করা হয়। কিন্তু হঠাৎ করে দুই উপজেলার সম্মেলন স্থগিত হয়ে গেলে নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েন। তবে সম্মেলন স্থগিত হয়ে গেলেও দুই উপজেলার প্রায় সব কটি ইউনিয়নে সম্মেলন সম্পন্ন করা হয়। সর্বশেষ নতুন করে ৯ ও ১০ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হলে পুনরায় চাঙা হয়ে ওঠেন নেতা-কর্মীরা।
এর আগে সর্বশেষ ২০০৪ সালের ১১ এপ্রিল আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বাহাউদ্দিন খালেক শাহজীকে সভাপতি ও কাজী মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করা হয়েছিল। এরপর সর্বশেষ এম এ মান্নান চৌধুরীকে সভাপতি ও এম এ মালেককে সাধারণ সম্পাদক করে সম্মেলন ছাড়াই কমিটি দেয় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। অন্যদিকে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রথমবারের মতো সম্মেলন হতে যাচ্ছে।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক বলেন, উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় তৃণমূলের নেতা–কর্মীরা অনেক খুশি। ইউনিয়নের সম্মেলন শেষ করে উপজেলা সম্মেলন হচ্ছে।
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, উপজেলা আওয়ামী লীগের প্রথমবারের মতো সম্মেলন হতে যাচ্ছে। তাই নেতা–কর্মীদের উচ্ছ্বাসের শেষ নেই। উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতা–কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।