ভাটায় ইট পোড়ানো হচ্ছে। এর পাশেই রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবসতি। গত মঙ্গলবার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার এলাকায়
ভাটায় ইট পোড়ানো হচ্ছে। এর পাশেই রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবসতি। গত মঙ্গলবার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার এলাকায়

পঞ্চগড়

অবৈধ ভাটায় তৈরি হচ্ছে ইট

৫১টি ইটভাটায় ইট পোড়ানো হচ্ছে। এসব ইটভাটার মধ্যে আটটির হালনাগাদ ছাড়পত্র রয়েছে।

পঞ্চগড়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের তোয়াক্কা না করে লোকালয় ও ফসলি জমিতে ইটভাটা স্থাপন করে চলছে ইট পোড়ানোর কাজ। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ও পৌরসভা এলাকায়ও ইটভাটা রয়েছে।

এসব ইটভাটার কালো ধোঁয়ায় ফসল ও গাছপালার ক্ষতি হচ্ছে। ঝুঁকির মধ্যে রয়েছে জনস্বাস্থ্য। এ ছাড়া আইন লঙ্ঘন করে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। এভাবে উপরিভাগের মাটি কেটে নেওয়ায় ফসলি জমি হারাচ্ছে তার উর্বরতা শক্তি।

পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় বর্তমানে ৫১টি ইটভাটায় ইট পোড়ানো হচ্ছে। এসব ইটভাটার মধ্যে আটটির হালনাগাদ ছাড়পত্র রয়েছে। নিয়ম অনুযায়ী জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ ছাড়া ইটভাটা স্থাপন, পরিচালনা কিংবা চালু করা যাবে না। লাইসেন্স ইস্যুকরণ ও নবায়নের ক্ষেত্রে বলা রয়েছে, যে ব্যক্তি ইট প্রস্তুতকরণের লাইসেন্সের জন্য ইটভাটা যে জেলায় অবস্থিত, সেই জেলার জেলা প্রশাসক বা তাঁর ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার কাছে আবেদন করতে পারবেন। তবে পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে ইস্যু করা পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটার লাইসেন্সের জন্য কোনো আবেদন করা যাবে না। অথচ প্রশাসনের চোখের সামনে জেলার ৪৩টি ইটভাটাই চলছে বৈধ কাগজপত্র ছাড়া।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার ৫১টি ইটভাটার মধ্যে দেবীগঞ্জ উপজেলায় ২৬টি, আটোয়ারী উপজেলায় ১৩টি এবং বোদা উপজেলায় ১২টি ইটভাটায় ইট পোড়ানো হচ্ছে। এর মধ্যে বোদা পৌরসভা এলাকায় রয়েছে চারটি ইটভাটা। আর এসব ইটভাটায় মাটি আসছে ফসলি জমির মাটি কেটে। ইটভাটার কয়েকজন মালিক ও শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি ভাটায় প্রতি মৌসুমে ৪০-৬০ লাখ ইট পোড়ানো হয়। প্রতি এক লাখ ইট প্রস্তুত করতে প্রায় আট হাজার ঘনফুট মাটির প্রয়োজন হয়। যার বেশির ভাগ মাটিই আসে ফসলি জমির উপরিভাগ থেকে। তবে এর মধ্যে অনেকেই পুকুর খনন ও উঁচু জমি সমান করতেও ভাটার মালিকদের কাছে মাটি বিক্রি করেন বলে দাবি তাঁদের।

বোদা সদর ইউনিয়নে মন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি অবস্থিত ইটভাটা মেসার্স বিবি ব্রিকস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আজাহারুল ইসলাম বলেন, ‘আমাদের ভাটার শুধু ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স আছে। গত ১৭ জানুয়ারি মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) এসে ৫ লাখ টাকা জরিমানা করেছিলেন। আমাদের ভাটার লাইসেন্স বা পরিবেশের ছাড়পত্র না থাকায় এবং পাশে স্কুল থাকায় ভাটা বন্ধ করতে বলেছেন। কিন্তু কী করব? এখানে মালিকের কোটি টাকা বিনিয়োগ আছে।’

চলতি মৌসুমে বোরো ধান রোপণের জন্য তিন বিঘা জমি তৈরি করেছেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষ্মীদ্বার এলাকার কৃষক দীপক বর্মণ (৫৫)। গত মঙ্গলবার দুপুরে সেই জমিতে সার ছিটাচ্ছিলেন তিনি। পাশেই একটি ইটভাটায় পোড়ানো হচ্ছে ইট। ভাটা প্রসঙ্গে জানতে চাইলে দীপক বর্মণ বলেন, ‘এখান থেকে একসঙ্গে আটটি ভাটার চিমনি দেখা যাচ্ছে। গত বছরও তিন বিঘা জমিতে বোরো চাষ করেছিলাম। প্রায় আধা বিঘা জমির বোরো ধান নষ্ট হয়েছিল। একইভাবে এলাকার অনেক কৃষকের ধান নষ্ট হয়েছিল। পরে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছিলাম। ভাটার মালিক স্বল্প পরিমাণে ক্ষতিপূরণ দিয়েছিলেন। এবার কী হবে, এখনো বলা যাচ্ছে না।’

একই এলাকার কৃষক ঝড়ুয়া বর্মণ (৫২) বলেন, ‘আমাদের গ্রামে ভাটার সংখ্যা বেশি। ভাটার কারণে শুধু বোরো ধান নয়, সুপারি, নারকেল, আম, কাঁঠালসহ বিভিন্ন গাছের ফল দিন দিন কমে যাচ্ছে। এভাবে বাড়ির আশপাশে ভাটা চলতে থাকলে সবাই অসুস্থ হয়ে যাবে।’

বোদা পৌরসভার ভাসাইনগর এলাকার ইটভাটা মেসার্স এমএলএম ব্রিকসের ব্যবস্থাপক নগদীশ চন্দ্র দে বলেন, ‘বোদা পৌরসভা হওয়ার আগেই এই ভাটা স্থাপন করা হয়েছিল। ২০১৭-১৮ সাল পর্যন্ত লাইসেন্স নবায়ন ছিল। এর পর থেকে আবেদন করার পরও আর পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিচ্ছে না। এবার ৫০ হাজার টাকা জরিমানা করেছে।’

পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, অবৈধ ইটভাটাগুলোর তালিকা তৈরি করে জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া আইন লঙ্ঘন করে ভাটা স্থাপনের অভিযোগ এনে ইতিমধ্যে পঞ্চগড় আদালতে দুটি ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। বৈধ কাগজপত্র ছাড়া কোনো ইটভাটা পঞ্চগড়ে চলতে দেওয়া হবে না।