লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নর্থ বেঙ্গল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের বেতন বন্ধ করার ও শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ২৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
তবে অধ্যক্ষ রজিনা বেগম বলেন, প্রতিষ্ঠানটিকে নিয়ে ষড়যন্ত্র করছে একটি মহল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
শিক্ষকদের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই ও আগস্ট মাসের শিক্ষক ও কর্মচারীদের বেতনের শিটে অধ্যক্ষের স্বাক্ষর নিতে যান ওই কলেজের প্রভাষক মাহবুব হোসেন বসুনীয়া, মহসিন বসুনীয়া, ফাতিমা বেগম, পরিদর্শক রবিউল ইসলাম ও অফিস সহায়ক (পিয়ন) আবদুল্লাহ। এ সময় অধ্যক্ষ রজিনা বেগম কলেজের সভাপতি ও ব্যবস্থাপনা পরিষদের সদস্যদের টাকা দিতে হবে জানিয়ে ঘুষ দাবি করেন। টাকা না দিলে বেতনের শিটে স্বাক্ষর করতে অস্বীকার করেন অধ্যক্ষ। এ কারণে তাঁরা দুই মাস ধরে বেতন পাচ্ছেন না।
প্রভাষক মহসিন বসুনীয়া বলেন, ‘বকেয়া বিল করার সময় আমার কাছে তিনি দুই লাখ টাকা দাবি করেছিলেন। এভাবে সবার কাছে টাকা চেয়েছেন তিনি। আমি চাপে পড়ে ৫০ হাজার টাকার চেক দিই। সম্প্রতি আমিসহ অন্যান্য শিক্ষক ও পিয়ন বেতন শিটে স্বাক্ষর নিতে গেলে আবারও তিনি উৎকোচ দাবি করেন। এ কারণে অভিযোগ দিয়েছি।’
অভিযোগে আরও বলা হয়েছে, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ফি বাবদ ১ হাজার ১২০ টাকা নেওয়ার নিয়ম। সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৪ হাজার ৮০০ টাকা। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ২২০ টাকার বদলে ৫ হাজার ৪০০ টাকা নেওয়া হচ্ছে। অধ্যক্ষের নির্দেশে কলেজ কার্যালয়ের কর্মচারীরা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন।
কলেজের অধ্যক্ষ রজিনা বেগম বলেন, চার শিক্ষক ও এক পিয়ন যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তাঁরা কলেজে দেরিতে আসেন এবং নিয়ম মানেন না। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।
ইউএনও নাজমুল হক বলেন, তিনি ওই কলেজের শিক্ষকদের পাল্টাপাল্টি বক্তব্য ও অভিযোগ পেয়েছেন। তদন্ত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।