
মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষিত হয়েছে। গতকাল শনিবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মো. জিন্নাহ খানকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, মো. রকিবুর ইসলামকে সদস্যসচিব ও কাজী নাদিম হোসেনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির তিন সদস্যের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। স্বেচ্ছাসেবক দলের এই আহ্বায়ক কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আগামী ১০ দিনের মধ্যে ত্যাগী ও যোগ্য নেতাদের সমন্বয়ে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সংগঠনের তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতা-কর্মীরা বর্তমানে ঐক্যবদ্ধভাবে রাজপথে আছেন। রাজপথে থেকেই জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিএনপির চলমান আন্দোলন-সংগ্রাম আরও বেগবান ও গতিশীল করবেন।