গোয়াইনঘাটে ক্রেতা সেজে ৭০০ আবাবিল পাখি উদ্ধার করল পুলিশ

গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগর গ্রাম থেকে ৭০০ আবাবিল পাখি উদ্ধারের পর মুক্ত করে দেওয়া হয়
ছবি: প্রথম আলো

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ফাঁদ ও জাল পেতে ধরা ৭০০ আবাবিল পাখি উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার পূর্ণানগর গ্রাম থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, দেশীয় পাখি শিকার করা হচ্ছে এমন খবর পেয়ে ক্রেতা সেজে অভিযান চালানো হয়। এ সময় তিনজন পাখিশিকারির কাছ থেকে ৭০০টি আবাবিল পাখি, শিকারের যন্ত্রপাতি ও খাঁচা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাখিগুলো মুক্ত করে দেওয়া হয়। তিন শিকারিকে বন্য প্রাণী নিরোধ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিন শিকারিকে বন্য প্রাণী নিরোধ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান বলেন, বিশেষ কৌশলে ফাঁদ ও জাল পেতে পাখিশিকারি একটি চক্র গড়ে উঠেছে। যেখানেই পাখি শিকারের খবর পাওয়া যাচ্ছে সেখানেই প্রশাসন অভিযান চালাচ্ছে। পাখিশিকারি চক্রের অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে সচেতন থেকে সহযোগিতার আহ্বান জানান তিনি।