
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ব্যাটারিচালিত রিকশার পেছনে ধাক্কা খেয়ে আবদুর রহিম (১৯) নামের মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিকশাচালক জানে আলম (৪০) সামান্য আহত হয়েছেন।
রহিম উপজেলার কালা মিয়ারপাড়া এলাকার মোহাম্মদ সৈয়দের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজারে দোকান কর্মচারী হিসেবে কাজ করতেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে তিনটার দিকে রহিম মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে সেনেরহাটের দিকে যাচ্ছিলেন। তিনি সোনাকানিয়ার মির্জাখীলের করাতকল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরসাইকেলটি সামনের ব্যাটারিচালিত একটি রিকশার পেছনে জোরে ধাক্কা দেয়। এতে রহিম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে সাতকানিয়া সদরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্য চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, নিহত রহিম চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজারের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। গতকাল শনিবার রাতে ঈদে মিলাদুন্নবী (সা.)–এর ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন তিনি। আজ বিকেলের দিকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বাটারিচালিত রিকশার পেছনে ধাক্কা খেয়ে নিহত হন রহিম।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ব্যাটারিচালিত রিকশার পেছনে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। স্বজনেরা ওই তরুণের লাশ বাড়িতে নিয়ে গেছেন। এ ছাড়া ওই তরুণের স্বজনেরা দুর্ঘটনার ব্যাপারে কোনো ধরনের আপত্তি বা অভিযোগ নেই বলে জানিয়েছেন।