বগুড়ায় সড়ক বিভাজকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, শ্যালক-ভগ্নিপতি নিহত

বগুড়া-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে তুলে দেয় একটি প্রাইভেট কার। এতে দুজন মারা যান। মঙ্গলবার বিকেলে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায়
ছবি: প্রথম আলো

বগুড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন পেশায় ব্যবসায়ী। তাঁরা সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি।

নিহত ব্যক্তিরা হলেন বগুড়া শহরের আটাপাড়া এলাকার মোহাম্মদ বাবুল হোসেন (৬০) এবং সুলতানগঞ্জ পাড়ার নজরুল ইসলাম (৭০)। বাবুলের ভগ্নিপতি নজরুল।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যবসার কাজে রংপুরের দিক থেকে বগুড়া শহরে প্রাইভেট কার চালিয়ে ফিরছিলেন বাবুল হোসেন ও নজরুল ইসলাম। প্রাইভেট কার চালাচ্ছিলেন বাবুল। তাঁর ভগ্নিপতি নজরুল পেছনের আসনে বসে ছিলেন। পথে গোকুল এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (রোড ডিভাইডার) সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গেলে ভেতরে থাকা বাবুল ও  নজরুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বগুড়ার টিএমএসএম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোরুজ্জামান বলেন, শ্যালক-দুলাভাই দুজনই ব্যবসার কাজ শেষে শহরে ফিরছিলেন। চালকের আসনে থাকা শ্যালক বাবুল হোসেন নিয়ন্ত্রণ হারালে প্রাইভেট কারটির রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।