খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেনের বিরুদ্ধে নৌকার কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি ডুমুরিয়া উপজেলার মিকশিমিল এলাকার এক পথসভায় নৌকার দুই কর্মীর উদ্দেশে বলেছেন, নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ তাঁদের বাঁচাতে পারবেন না। দুটি গুলি ফুটলেই সবাই পালিয়ে যাবেন।
গত মঙ্গলবার রাতে ডুমুরিয়া উপজেলার রুদাঘোরা ইউনিয়নের মিকশিমিল বালিকা বিদ্যালয়ের মাঠে পথসভাটি হয়। পথসভায় বক্তব্যের সময় আকরাম হোসেন ওই হুমকি দেন। তাঁর বক্তব্যের ভিডিও ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ ধরনের বক্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল উল্লেখ করে আকরাম হোসেনকে সশরীর হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শেখ আকরাম হোসেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকরাম হোসেন বলছেন, ‘কেউ পার পাবে না। আজকে বলে আসছি, ওই সালাম-কালাম দুজনকেই। সময় দিয়ে গেলাম তিন দিন। তোর নারাণ বাবু কেন, তোর বাপও তোকে বাঁচাতে পারবে না। তুই আমার কোনো নেতা–কর্মীর গায় হাত দিস; তুই আমাকে চিনিস না। আজকে যেহেতু নির্বাচন করতে আইছি, করছি। সকলে মিলেই করছি। জনগণ যাকে চায়, সে-ই নির্বাচিত হবে। বাধা সৃষ্টি করে, ভয় দিয়ে, আরে কারে ভয় দিচ্ছিস? দুটো গুলি ফুটলি তো তুই পলাবি।’
স্থানীয় বাসিন্দারা বলেন, নির্বাচনী সভায় বক্তব্যের একপর্যায়ে উত্তেজিত হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামানের দুই চাচা গাজী সালাম ও গাজী কালামকে উদ্দেশ করে এসব কথা বলেন স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন। পারিবারিকভাবে গাজী সালাম ও গাজী কালাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁরা নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের পক্ষে নির্বাচনী কাজ করছেন।
ছড়িয়ে পড়া ওই ভিডিওর বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় শত শত গুলি ও বোমার সম্মুখীন হয়েছেন। পথসভায় বিষয়টি উল্লেখ করে তাঁকে গুলির ভয় দেখিয়ে লাভ নেই বলতে চেয়েছেন। কিন্তু ওই সভায় দেওয়া তাঁর বিভিন্ন বক্তব্য কাটছাঁট করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন প্রচার করছেন। ভোটের ফলাফল কী হবে, তা বুঝতে পেরে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ বলেন, স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম তাঁকে ও তাঁর ভাই ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানকে শাসাতেই চাচাদের নাম ধরে এ ধরনের হুমকি দিয়েছেন। ওই হুমকির পর তাঁরা আতঙ্কে আছেন। এ ব্যাপারে তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন।
খুলনা-৫ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ভিডিওটি গেছে। শেখ আকরাম হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।