ময়মনসিংহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত আটটার দিকে নগরের জিরো পয়েন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।

গ্রেপ্তার হওয়া নূর মোহাম্মদ ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা। তাঁকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়া।

ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের অক্টোবরে মারামারির ঘটনায় নুর মোহাম্মদের (৪২) হাতে নিহত হয়েছিলেন তাঁর চাচা আবদুল হক। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা করে নিহতের পরিবার। মামলায় আসামি হওয়ার পর থেকে নুর মোহাম্মদ পলাতক ছিলেন। ২০১৭ সালে ওই মামলায় জেলা দায়রা জজ আদালতের বিচারক আসামি নুর মোহাম্মদকে মৃত্যুদণ্ড দেন। প্রায় ২৪ বছর পলাতক থাকার পর তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।