সীমান্তে গুলিতে নিহত গরু ব্যবসায়ীর লাশ ৬ দিন পর ফেরত দিল বিএসএফ

চুয়াডাঙ্গা জেলার মানচিত্র
চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোটবলদিয়া সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী মুনতাজ হোসেনের (৪০) লাশ ছয় দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শুক্রবার সন্ধ্যায় বিজিবি, বিএসএফের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ ফেরত দেওয়া হয়। পরে লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত মুনতাজ হোসেন ছোটবলদিয়া গ্রামের স্কুলপাড়ার মো. নজরুল ইসলামের ছেলে। ৮ অক্টোবর দিবাগত রাতে সীমান্ত পার হয়ে মুনতাজ ভারত থেকে গরু-মহিষ আনতে যান। সেখান থেকে মহিষ নিয়ে ফেরার পথে সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির বিপরীতে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানাধীন বিজয়পুর ক্যাম্পের বিএসএফের গুলিতে তিনি মারা যান।

দর্শনা থানার পরিদর্শক (অপারেশন) নিখিল চন্দ্র অধিকারী প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যায় লাশ গ্রহণকালে বাংলাদেশের পক্ষে ৬ বিজিবির সহকারী পরিচালক এমরান, দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার ও  ভারতের পক্ষে নদীয়া জেলা পুলিশের ডিএসপি (ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ) সুবাস রায় ও বিএসএফের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম বলেন, ছয় দিন আগে বিএসএফের গুলিতে নিহত মুনতাজ হোসেনের লাশের পচন ধরে। লাশ গ্রহণ করতে গিয়ে বাংলাদেশি প্রতিনিধিদল প্রথম দফায় ফিরে আসে। এরপর প্রস্তুতি নিয়ে দ্বিতীয় দফায় লাশ বুঝে নেয়।