
ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলায় যুবলীগ নেতাসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো তিনজন হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার চর চরনী মোহন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য, প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, গ্রাম পুলিশ সদস্য মো. ইব্রাহিম এবং যুবলীগ কর্মী আমির হোসেন। তাঁরা সবাই চর চরমী মোহন ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও র্যাব সূত্রে জানায়, গত মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরী হাট এলাকা থেকে ৮৫ হাজার ২০টি ইয়াবা বড়িসহ ওই তিনজনকে আটক করে র্যাব। পরে গতকাল বুধবার বিকেলে র্যাব তাঁদের লক্ষ্মীপুর সদর থানায় সোপর্দ করে। এ ঘটনায় পরে র্যাব-১১–এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) নুরুল ইসলাম বাদী হয়ে গতকাল বিকেলে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার করা ইয়াবার মূল্য ২ কোটি ৫৫ লাখ ৬ হাজার টাকা। এ অঞ্চলে এত বিপুল পরিমাণ ইয়াবা এর আগে আর উদ্ধার হয়নি। মনির ও তাঁর সহযোগীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার তিন আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।