ধর্ষণে বাধা দেওয়ায় শিশুকে গলা টিপে হত্যাচেষ্টা, তরুণ গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

যশোরের অভয়নগর উপজেলায় ধর্ষণে বাধা দেওয়ায় আট বছরের এক মেয়েশিশুকে গলাটিপে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় মো. রানা (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে অভয়নগর উপজেলার একটি গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে মো. রানাকে আসামি করে ধর্ষণচেষ্টার অভিযোগে অভয়নগর থানায় মামলা করেন। পরে পুলিশ রানাকে গ্রেপ্তার করে। রানার বাড়ি অভয়নগর উপজেলায়।

মামলার এজাহারে শিশুটির মা উল্লেখ করেন, তিনি পাটকলে শ্রমিকের কাজ করেন। তাঁর স্বামী একজন রাজমিস্ত্রি। তিনি তাঁর মা, স্বামী এবং আট বছর ও চার মাস বয়সী দুই মেয়েকে নিয়ে বসবাস করেন। বৃহস্পতিবার সকালে তিনি কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। তাঁর স্বামীও একই সময় রাজমিস্ত্রির কাজে যান। বাড়িতে তাঁর মায়ের কাছে দুই মেয়ে ছিল। তাঁর বড় মেয়েটি পাশের বাড়ির উঠানে আরেক মেয়ের সঙ্গে খেলছিল। সকাল সাড়ে ১০টার দিকে মো. রানা তাঁর মেয়েকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তাঁর মেয়ে বাধা দিলে রানা তাকে গলাটিপে ধরেন ও তার মাথা দেয়ালের সঙ্গে আঘাত করেন। এ সময় চিৎকারে আশপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে মেয়েটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত মো. রানাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।