
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ডাকাতির প্রস্তুতির সময় গুলি, দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ শনিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মাধবদীর আবদুল্লাহকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ সময় ওই ব্যক্তিদের কাছ থেকে একটি রিভলবার, তিনটি গুলি, একটি চায়নিজ কুড়াল ও দুটি চাপাতি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাধবদীর ডৌকাদির মো. হাফিজ উদ্দিনের ছেলে মো. মোখলেছ মিয়া (২৫), মৃত আমীর হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন (২২), মো. নুরুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলাম (২৮), মৃত ইয়াকুব আলীর ছেলে মো. জাকির হোসেন (৩০), মো. ইব্রাহিম মিয়ার ছেলে মো. ইউনুছ মিয়া (২৩), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দশদোনার মো. কামাল উদ্দিনের ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রতাবনগর এলাকার মো. আবদুল মান্নানের ছেলে হাবিবুর রহমান (২৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদল ডাকাত গোপনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদ পেয়ে মাধবদীর আবদুল্লাহকান্দির পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে অভিযান চালায় জেলা ডিবি ও মাধবদী থানা–পুলিশ। জেলা ডিবির ওসি মোহাম্মদ আবুল বাসার অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সাতজনকে রিভলবার, গুলি, চাপাতি, চায়নিজ কুড়ালসহ হাতেনাতে আটক করা হয়।
জানতে চাইলে ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন, গ্রেপ্তার সাতজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁরা একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অস্ত্র, গুলিসহ সমবেত হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে মাধবদী থানায় পেনাল কোড ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।