
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত একটি ছাত্রী হলে আসন বরাদ্দসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ফজিলাতুন্নেছা হলের ছাত্রীরা। মিছিলের পর গতকাল শুক্রবার মধ্যরাতে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে উপাচার্যের আশ্বাসে প্রায় চার ঘণ্টা পর হলে ফিরে যান ছাত্রীরা।
এর পরিপ্রেক্ষিতে আজ শনিবার সকালে লটারির মাধ্যমে নবনির্মিত ছাত্রী হলটিতে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এর পর থেকে নতুন হলে উঠতে শুরু করেছেন ছাত্রীরা।
ছাত্রীদের দাবিগুলো ছিল, ক্যাম্পাসে ছাত্রীদের জন্য নবনির্মিত ১৮ নম্বর হলে তাঁদের আসন বরাদ্দের জন্য রাতের মধ্যেই লটারি করা, আজ শনিবারের মধ্যে সবার আসন বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা, হলে কোনো রাজনৈতিক ব্লক না থাকার বিষয়ে পদক্ষেপ নেওয়া ও নবনির্মিত হলটির নামকরণ ফজিলাতুন্নেছা হল করা।
উল্লেখ্য, অনেক আগেই ফজিলাতুন্নেছা হলটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এ হলে ছাত্রীরা থাকতেন।
ছাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে ফজিলাতুন্নেছা হলে ছাত্রীদের তীব্র আসন সংকট থাকলেও প্রশাসনের পক্ষ থেকে সংকট নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একাধিকবার হলের আসন সংকট নিরসনের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে হল প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও এর সমাধান করা হয়নি। তাই আসন সংকট নিরসনসহ চার দফা দাবিতে গতকাল রাত সাড়ে ১২টার দিকে হলের সামনে জড়ো হন প্রায় অর্ধশতাধিক ছাত্রী। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তাঁরা।
বিষয়টি জানতে পেরে ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ এ টি এম আতিকুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান সেখানে উপস্থিত হন। তাঁরা শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা তাঁদের অবস্থান অব্যাহত রাখেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল আলম বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আজকের মধ্যে আসন সংকট নিরসনের আশ্বাস দিলে ভোররাত সাড়ে ৪টার দিকে ছাত্রীরা হলে ফিরে যান। পরে আজ শনিবার নবনির্মিত ১৮ নম্বর হলে লটারির মাধ্যমে ছাত্রীদের আসন বরাদ্দ দেওয়া হয়।
ফজিলাতুন্নেছা হলের ছাত্রী ইতি আক্তার প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা হলের আসন সংকটসহ নানা সমস্যার বিষয়ে হল প্রশাসনকে জানালেও তাঁরা কোনো ব্যবস্থা নেয়নি। বিশ্ববিদ্যালয়ের ৪৯ ও ৫০তম ব্যাচের প্রায় ২৫০ ছাত্রীকে রাখা হয়েছিল শিক্ষকদের আবাসিক কোয়ার্টারে। বাধ্য হয়েই আমাদের দাবি আদায়ে আন্দোলন করতে হয়েছে।’
আসন পাওয়ার পর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষার্থী নাহিদা বিনতে মৌ বলেন, ‘দীর্ঘদিন গণরুমে কাটানোর পর অবশেষে একটা সিট (আসন) পাইলাম। নতুন হলে একটি লিফট চালু থাকায় ওঠানামায় একটু সমস্যা হচ্ছে। তারপরও সিট পাওয়ায় ভালো লাগছে।’
ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ এ টি এম আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, নবনির্মিত হলে ছাত্রীদের আসন বরাদ্দের বিষয়টি আগেই চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু অন্য হলের ছাত্রীদের আগে আসন দেওয়া হবে—এমন গুজব ছড়ানো হলে ছাত্রীরা বিক্ষোভ করেন। পরে তাঁদের বুঝিয়ে বললে তাঁরা বিষয়টি বুঝতে পারেন।
আতিকুর রহমান বলেন, আজ সকাল ১০টার দিকে লটারির মাধ্যমে ছাত্রীদের নতুন হলে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। হলের নামকরণ প্রশাসনিকভাবে কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হয়। কর্তৃপক্ষে সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করবে।