উদ্ধার হওয়া টিয়াসহ গ্রেপ্তার দুজন
উদ্ধার হওয়া টিয়াসহ গ্রেপ্তার দুজন

মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচার হচ্ছিল ঢাকায়, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে ৮০টি টিয়া পাখিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর দক্ষিণ সোনাপাহাড় ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের মৃত নূর নবীর ছেলে মো. সফর আলী (৪৫) এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাগিনি এলাকার আবু তাহেরের ছেলে মো. মামুন (৩১)।

পুলিশ জানায়, চোরাই পথে মিয়ানমার থেকে এসব টিয়া আনা হয়েছে। এরপর এসব টিয়া ঢাকায় পাচার করা হচ্ছিল। পথে টিয়াগুলো নিয়ে মিরসরাইয়ে অবস্থানকালে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন জানিয়েছেন, তাঁরা মিয়ানমার থেকে চোরাই পথে এসব টিয়া এনেছেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।