সিলেটের বিভিন্ন সড়কের ভাঙাচোরা স্থান ও সড়কের পাশে নির্মাণসামগ্রী থেকে উড়ছে ধুলা। দিনভর এসব এলাকায় যাতায়াত করতে গিয়ে ধুলার ভোগান্তিতে পড়েন মানুষজন। সম্প্রতি সিলেট নগরের লামাবাজারে
সিলেটের বিভিন্ন সড়কের ভাঙাচোরা স্থান ও সড়কের পাশে নির্মাণসামগ্রী থেকে উড়ছে ধুলা। দিনভর এসব এলাকায় যাতায়াত করতে গিয়ে ধুলার ভোগান্তিতে পড়েন মানুষজন। সম্প্রতি সিলেট নগরের লামাবাজারে

সিলেট

ধুলায় অতিষ্ঠ নগরবাসী

পানি ছিটানো হলে স্থানীয় ব্যক্তিরা ধুলার উপদ্রব থেকে অনেকটা রেহাই পাবেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

সিলেট নগরের ব্রাহ্মণশাসন এলাকা থেকে নয়াবাজারমুখী সড়কের দুই পাশে নালা প্রশস্তকরণের কাজ চলছে। উভয় পাশেই খোঁড়াখুঁড়ি করে স্তূপাকারে মাটি ফেলে রাখা হয়েছে। এ ছাড়া সড়কে রাখা আছে নির্মাণসামগ্রীও। সামান্য বাতাসেই অথবা যান চলাচলের সময় এ সড়কে ধুলা ওড়ে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দুর্ভোগ বেড়েছে।

গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, নগরের কালীবাড়ি, হাওলাদারপাড়া, করেরপাড়া, পাঠানটুলা, মদিনা মার্কেট, বাগবাড়ী, আম্বরখানা, বালুচর, টিভিগেটসহ অন্তত অর্ধশতাধিক এলাকায় ভাঙাচোরা সড়ক ও নালা-নর্দমা প্রশস্তকরণের কাজ চলছে। যেসব স্থানে নর্দমা নির্মাণের কাজ চলছে, সেখানে মাটি খুঁড়ে স্তূপাকারে ফেলে রাখা। শুষ্ক মৌসুম হওয়ায় খোঁড়াখুঁড়ির জায়গা থেকে সারাক্ষণ ধুলা উড়ছে। এ ছাড়া বিভিন্ন সড়ক নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন না করায়ও ধুলা উড়ছে।

কয়েকজন নগরবাসী অভিযোগ করে বলেন, নগরের প্রধান সড়কের পাশাপাশি পাড়া–মহল্লার রাস্তাগুলোর পাশে জমে থাকা ধুলাবালুতে মানুষের দুর্ভোগ বেড়েছে। এ ছাড়া ভাঙাচোরা রাস্তাঘাট থেকেও ধুলা উড়ছে। ফলে ধুলায় অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বিভিন্ন এলাকায় পানি ছিটানো হলে স্থানীয় ব্যক্তিরা ধুলার উপদ্রব থেকে অনেকটা রেহাই পাবেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

মদিনা মার্কেট এলাকায় ভাঙাচোরা সড়ক থেকে সারাক্ষণ ধুলা ওড়ে জানিয়ে আশপাশের ব্যবসায়ীরা বলছেন, এ কারণে কেনাকাটা করতে আসা লোকজন দুর্ভোগে পড়ছেন। ধুলা উড়ে এসে দোকানের ভেতর পড়ে জিনিসপত্র নোংরা হচ্ছে। এ ছাড়া পথচারীদের কাপড়চোপড়ও ধুলায় নোংরা হয়ে পড়ছে। এ সড়ক যেন ধুলার রাজ্য হয়ে উঠেছে। নাক চেপে ওই এলাকা দিয়ে চলাচল করতে হয়।

পনিটুলা এলাকার বাসিন্দা শিবলু রায় বলেন, বাসা থেকে বেরিয়েই মদিনা মার্কেট সড়ক। দীর্ঘদিন ধরে এ সড়ক খানাখন্দে ভরা। অথচ সংস্কার না করায় এখন সারাক্ষণ ধুলা ওড়ে। ধুলার যন্ত্রণায় মাস্কের সঙ্গে চোখে চশমা পরতে হয়। আর তা না হলে চোখ–মুখ ধুলায় আচ্ছন্ন হয়ে যায়।

ধুলার উপদ্রবের শিকার কয়েকজন বাসিন্দা জানান, নালা-নর্দমা প্রশস্তকরণের কাজ যেসব স্থানে চলছে, সেখানে বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ফেলে রাখা, খোঁড়াখুঁড়ির মাটি পড়ে থাকার কারণে ধুলার যন্ত্রণা বেড়ে গেছে। ধুলাচ্ছন্ন সড়কে ভোগান্তি নিয়ে চলছে যানবাহন ও মানুষ। সড়কের পাশের দোকানদারেরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাঁরা পানি ছিটিয়ে আশপাশ ধুলামুক্ত করার চেষ্টা করছেন। এরপরও ধুলার যন্ত্রণা থেকে পুরোপুরি রেহাই পাচ্ছেন না।

সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, নগরের ২৭টি ওয়ার্ডে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও নালা-নর্দমা নির্মাণকাজ চলছে। একে তো শুষ্ক মৌসুম, এর মধ্যে মাটি খোঁড়াখুঁড়ি করে নির্মাণকাজ চলমান থাকায় ধুলার উপদ্রব বেড়েছে। তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ধুলাবালু রোধে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা সিটি করপোরেশন থেকে সড়কে নিয়মিত পানি ছিটানোর দাবি জানান।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘কোনো কোনো সড়কে মাত্রাতিরিক্ত ধুলাবালু উড়ছে, এটা অস্বীকার করব না। আসলে একদিকে নির্মাণকাজ চলছে, অন্যদিকে শুষ্ক মৌসুম, ফলে স্বাভাবিকভাবেই ধুলার উপদ্রব বেশি। তবে এটি কিছুটা হলেও যেন রোধ হয়, সে জন্য নগরের সংশ্লিষ্ট এলাকাগুলোয় নিয়মিত পানি ছিটানোর উদ্যোগ নেওয়া হবে।’