‘অ্যালা যে জাড় পড়িছে, কাম করা কঠিন হয়ে গেইছে’

শীত থেকে রক্ষায় শিশুকে চাদরে জড়িয়ে নিয়েছেন এক মা। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদরের আকচা এলাকায়
ছবি: প্রথম আলো

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় রোজকার জীবন ব্যাহত হচ্ছে। দিনভর সূর্যের মুখ না দেখতে পাওয়ায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। দিনমজুরেরা কাজের সন্ধানে বের হলেও কাজ পাচ্ছেন না। এতে কষ্ট বেড়ে গেছে তাঁদের।

ঠাকুরগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের কোনো কার্যালয় নেই। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয় এলাকার তাপমাত্রার হিসাব রাখে। এই দপ্তর সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ১০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছিল। গত রবি ও গতকাল সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

শীত উপেক্ষা করে কাজে বের হয়েছেন শ্রমিক। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদরের আকচা এলাকায়

ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা ও পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় বসে শ্রমিকের হাট। আজ সকাল পৌনে ৯টার দিকে সেখানে দেখা যায়, শীতের কাপড় জড়িয়ে সাইকেলে চেপে গ্রাম থেকে কাজের সন্ধানে শহরে আসছেন শ্রমজীবী মানুষ। হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলছে বিভিন্ন যানবাহন। শীত থেকে রক্ষা পেতে কেউ কেউ আগুন পোহাচ্ছেন। সে সময় কয়েকজন শ্রমিক বলেন, ঘর থেকে লোকজন খুব একটা বের হচ্ছেন না। তাঁরা শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হলেও কাজ জুটছে না।

পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় আগুন জ্বেলে পোহাচ্ছিলেন কালিতলা গ্রামের শ্রমিক সত্যেন রায় (৫১)। তিনি বলেন, ‘তিন দিন থাকি বেলা দেখা যাছে না। ঠান্ডা বাড়ছে। আগুন তাপায়েও গাতত গরম ধরেছে না।’ কৃষিশ্রমিক পরেশ রায় (৫৬) বলেন, ‘দিনমজুরি করি খাই। অ্যালা যে জার পড়িছে, কাম করা কঠিন হয়ে গেইছে। তবু কষ্ট করিয়া কাজত আসিয়া দেখু, কামে নেওয়ার লোক নাই।’

দিনমজুরেরা কাজের সন্ধানে বের হলেও কাজ পাচ্ছেন না। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকের হাটে

পূর্ব আকচা গ্রামের গৃহিণী দুলালী রানী (৩১) তাঁর ছেলেকে চাদরে জড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন। শীতল বাতাসে এসে চাদরটা বারবার সরিয়ে দিচ্ছিল। দুলালী বললেন, ‘বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। ছোয়াটারে যদি ঠান্ডা লাগে যায়, ওইতানে চাদরত ঢাকে নিছু। তবু ঠান্ডা করছে।’

সকাল পৌনে ১০টার দিকে শহরের আর্টগ্যালারি এলাকায় রিকশাচালক আল–আমিন (৫৮) বলেন, ‘ভ্যান না চালাইলে খাব কী করিয়া। সকালে রাস্তাঘাটে লোকজন খুব কম। সাড়ে নয়টা বাজি গেইল, ভাড়া পাইনু ৪০ টাকা। ঠান্ডায় কাবু হই গেনু। ঠান্ডাখান বেশি লাগোছে হাতোত আর কান গিলাত।’

ঠাকুরগাঁও সিভিল সার্জন নুর নেওয়াজ আহমেদ জানান, এই আবহাওয়ায় বৃদ্ধ ও শিশুরা শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে পড়তে পারে। একটু সতর্ক থাকলে এসব রোগ এড়ানো সম্ভব। রোগে আক্রান্ত হলেই রোগীকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন তিনি।