হাতিয়ায় এক মণ ইলিশসহ চারজন আটক, পাঁচ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর হাতিয়ার নলচিরা ঘাটে এক মন ইলিশসহ আটক তিন জেলেসহ চারজন। শুক্রবার সকালে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়িতে
ছবি: প্রথম আলো

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে বিক্রির জন্য ইলিশ মাছ নেওয়ার পথে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তিন জেলেসহ চারজনকে আটক করেছে নৌ পুলিশ। আজ শুক্রবার সকালে নলচিরা ঘাট থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক মণ ইলিশ উদ্ধার করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিন জেলেকে ১ হাজার ৫০০ টাকা করে ৪ হাজার ৫০০ টাকা এবং মাছ বহনকারী ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন এই আদালত পরিচালনা করেন।

সাগর থেকে মিঠাপানিতে আসা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দেওয়ার জন্য ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ ও বিপণন সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে নৌ পুলিশ মেঘনার বিভিন্ন এলাকায় টহল শুরু করে।

হাতিয়ার নলচিরা নৌ পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার টহলের একপর্যায়ে নৌ পুলিশের কাছে খবর আসে, নলচিরা ঘাট এলাকা দিয়ে বেশ কিছু ইলিশ মাছ অন্যত্র বিক্রির জন্য কয়েকজন জেলে নিয়ে যাচ্ছেন। ওই তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে নলচিরা নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক নাছির উদ্দিন আহমেদের নেতৃত্বে ঝটিকা অভিযান পরিচালনা করে এক মণ মা ইলিশ মাছসহ চার জেলেকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন উপজেলার রসুলপুরের আনোয়ার হোসেন (২১), মধ্যম মাইজরা গ্রামের মো. নুরুন নবী (২৮), জাহাজমারার আবদুল কুদ্দুস (২১) ও মাছ বহনকারী মাইজরা গ্রামের মো. নুর উদ্দিন (২৫)। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলে ও মাছ বহনকারীর পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।

নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী ৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখতে চট্টগ্রাম অঞ্চলে নৌ পুলিশের ১৫টি ইউনিট একযোগে কাজ করছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।