রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহতের পর ঘটনাস্থলে মানুষের ভিড়। আজ মঙ্গলবার বিকেলে
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহতের পর ঘটনাস্থলে মানুষের ভিড়। আজ মঙ্গলবার বিকেলে

রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪

রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার আরাজীগঙ্গারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুই শ্রমিক হলেন আছাদুল হক ও শিহাব হোসেনে। আছাদুলের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। শিহাবের বাড়ি রংপুরে। তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। বিকেল পাঁচটার দিকে হঠাৎ ছাদের শাটারিং ভেঙে পড়লে কয়েকজন শ্রমিক নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয় লোকজনও উদ্ধারকাজে অংশ নেন।

রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুমকে। ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে কমিটিকে বলা হয়েছে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। স্থানীয় লোকজন আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন তিনতলা পৌর ভবনের প্রধান প্রবেশপথের সামনে ছাদের সাটারিংয়ের বাঁশ, কাঠ, রড ও কংক্রিট ভেঙে স্তূপ হয়ে পড়ে আছে। প্রবেশপথের চারটি পিলার দ্বিতীয় তলার ছাদ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। সাটারিংয়ে ব্যবহৃত বাঁশ ও কাঠের অনেকগুলোই পুরোনো বলে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা ও নির্মাণশ্রমিকেরা ভবনটির নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, ছাদের সাটারিংয়ে পুরোনো বাঁশ জোড়া দিয়ে ব্যবহার করা হয়েছিল। কাঠ ও রশিও ছিল নষ্ট। এসব কারণে ভার বহন করতে না পেরে ছাদ ধসে পড়ে বলে তাঁদের ধারণা।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২০ সালে ৪ কোটি ৬৯ লাখ টাকায় পৌর ভবন নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ভিশন ২০২০। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ্‌ আল বাকিউল বারী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যত দূর জেনেছি, ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসকের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো চিঠি পাইনি। তদন্তে কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, নিহত ব্যক্তিদের লাশ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। এখনো নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় আসেননি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।