সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় তরুণ নিহত

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। মঈনুল ইসলাম ওরফে রাহাত (১৯) নামের ওই তরুণ ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মঈনুল ইসলাম ফাজিলপুর সাউথইস্ট কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি কোরিয়া যাওয়ার জন্য শহরের একটি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা শিখছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর অংশে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে সড়ক সংস্কার ও মেরামতের কাজ চলছিল। এ কারণে মহাসড়কের একটি লেন বন্ধ করে দিয়ে অপর লেনে উভয়মুখী যানবাহন চলাচল করতে হচ্ছিল। আজ সকালে মঈনুল ইসলাম কোরীয় ভাষা শিক্ষার জন্য শহরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে বাসে উঠতে সড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে পরীক্ষা–নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ফেনীর ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।