
দলবদ্ধ ধর্ষণের শিকার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক মেয়ের এবার এসএসসি পরীক্ষা দেওয়া হলো না। আজ বৃহস্পতিবার যখন এসএসসি পরীক্ষা চলছিল, তখন পুলিশি হেফাজতে মেয়েটির লালমনিরহাট সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল। পরে জবানবন্দি নেওয়ার জন্য তাকে আদালতে নেওয়া হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মেয়েটি হাতীবান্ধার একটি বিদ্যালয়ের আজ শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। ১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করার কথা বলে বাড়ি থেকে সে বের হয়ে যায়। এরপর মেয়েটি আর বাড়িতে ফিরে আসেনি। মেয়েটির মা মুঠোফোনে দূরসম্পর্কের আত্মীয় হাফিজুল ইসলামের (৩৫) খুদে বার্তা পেয়ে জানতে পারেন, তাঁর মেয়েকে ঢাকা পাঠানো হচ্ছে। মেয়েটির মা স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানের কাছে বিষয়টি জানান। পরে পুলিশের সহযোগিতায় খোঁজাখুঁজি শুরু হয়। ২ সেপ্টেম্বর সাভারের আশুলিয়া পুলিশের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করা হয়। ৩ সেপ্টেম্বর মেয়েটিকে গাজীপুরে চিকিৎসা দেওয়া হয়। ৪ সেপ্টেম্বর তাকে হাতীবান্ধায় বাড়িতে আনা হয়। কয়েক দিন চুপচাপ থাকার পর ৭ সেপ্টেম্বর মেয়েটি তার পরিবারকে জানায়, লালমনিরহাট শহরে ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটার মধ্যে সে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। চায়ের সঙ্গে জোর করে চেতনানাশক ওষুধ খাওয়ানোর পর তাকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর রাতে লালমনিরহাট সদর থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় লালমনিরহাটের হাতীবান্ধার বাসিন্দা ও দূরসম্পর্কের আত্মীয় হাফিজুল ইসলাম; লালমনিরহাট শহরের নাবিল পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক শামসুল হোসেন ওরফে বাবুল (৪৫) এবং তাঁর সহযোগী তছলিম উদ্দিন সরকারকে (৪৫) আসামি করা হয়েছে।
শহরের নাবিল কাউন্টারের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক এরশাদুল হক বলেন, মালিক পক্ষকে ঘটনাটি জানানো হয়েছে। আগের ম্যানেজার ও তাঁর সহযোগীর ব্যক্তিগত অপরাধের দায় কোম্পানি নেবে না। তাঁরা অপরাধী হলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শামসুল হোসেন ও তছলিম উদ্দিন সরকারকে গত মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে লালমনিরহাট আদালতে তাঁদের সোপর্দ করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে দুজনকে জেলা কারাগারে পাঠান। তিনি আরও বলেন, আজ মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। একই দিন ঘটনার বিষয়ে আদালতে জবানবন্দি দেওয়ার জন্য মেয়েটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।