পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু

আত্মীয়বাড়িতে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে খালা ও ভাগনির মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আত্মীয়বাড়িতে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে খালা ও ভাগনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বিশকাকুনি ইউনিয়নের বিষম্ভপুর গ্রামের চিকনি বিলে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জমিলা খাতুন (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত আক্তার (৮)। তাঁরা সম্পর্কে খালা ও ভাগনি। আর আহত কিশোরীর নাম মিম আক্তার (১২)। সে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষম্ভপুর গ্রামের আসমত আলীর মেয়ে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, তারাকান্দার কলহরি গ্রামের বাসিন্দা মো. হোসাইন মিয়া ঈদ উপলক্ষে গত রোববার সন্ধ্যায় তাঁর শ্বশুরবাড়ি পূর্বধলার বিষম্ভপুর গ্রামের বেড়াতে আসেন। এ সময় তাঁর সঙ্গে বড় বোন জমিলা খাতুন ও আরেক বোন নুরজাহানের মেয়ে নুসরাতসহ কয়েকজন আত্মীয় সঙ্গী হন।

গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বাড়ির পাশের চিকনি বিলে ছয়জন মিলে একটি ছোট কাঠের নৌকায় ভ্রমণে বের হন। ডিঙিনৌকাটি অতিরিক্ত যাত্রী ওঠায় একপর্যায়ে ডুবে যায়। এতে অন্য তিনজন সাঁতরে তীরে উঠলেও জমিলা, নুসরাত ও মিম ডুবে যেতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সন্ধ্যায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।