আখড়া ছাড়তে শুরু করেছেন বাউলেরা

সাঁইজির ১৩২তম তিরোধানে লালনের গান পরিবেশন করছেন এক বাউল। কুষ্টিয়ার ছেঁউড়িয়া
ছবি: কবির হোসেন

বাউলসম্রাট ফকির লালন শাহর ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান শেষ হচ্ছে বুধবার মধ্যরাতে। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাধুসঙ্গ ও বাউলদের মিলনমেলা সমাপ্তির পথে।

গত সোমবার কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে সাধুসঙ্গ শুরু হয়েছিল। লালন সাঁইজির ধামে গুরু-শিষ্যের অধিবাসযাপন, বাল্যসেবা, পুণ্যসেবাসহ নানা আনুষ্ঠানিকতা হয়। বুধবার সকাল থেকেই ছেঁউড়িয়া ছাড়তে শুরু করেন বাউলেরা। তবে মেলা ও লালন একাডেমির আনুষ্ঠানিকতা আছে বুধবার মধ্যরাত পর্যন্ত।
এদিকে বুধবার সন্ধ্যায় লালনের উন্মুক্ত মঞ্চে আলোচনা শেষে গান পরিবেশিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।

লালনের মানবতা ও অহিংসার বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আখড়াবাড়ি ছাড়তে শুরু করেন সাধু-ভক্তরা। আখড়াবাড়ি ছেড়ে যেতে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেক বাউল। আবার দৌল উৎসবে যোগ দেওয়ার কথাও জানিয়েছেন কোনো কোনো বাউল ফকির। বাউল আবদুর রাজ্জাক বললেন, ‘যদি সারাক্ষণ এই চাঁদের মেলায় বসে থাকতে পারতাম, কতই ভালো লাগত।’

ফকির-বাউলদের সঙ্গে কাটানো সময়ের বিষয়ে সাধু মামুন মালিথা বলেন, ‘যাঁদের সঙ্গে তিন দিন প্রেম করলাম, ভালোবাসলাম, তাঁদের ছেড়ে যেতে হচ্ছে। আজ ফিরে যাচ্ছি। কিন্তু মনটা এই ধামেই পড়ে থাকবে। আবার দৌল উৎসবের অনুষ্ঠানে দেখা হবে।’
সাধু-সন্ন্যাসী আর ভক্তরা সাঁইজির গানেই ডুবে ছিলেন তিন দিন। আর লাখো মানুষের আগমনে ছেঁউড়িয়া হয়ে উঠেছিল উৎসবের এলাকা। লালনের তিরোধান দিবস ঘিরে মরা কালী নদীর পাড়ে বসা গ্রামীণ মেলা চলবে আরও কয়েক দিন।