‘বুঝলেন তো, আমরা কেমন বেহেশতে আছি!’

ঠাকুরগাঁও সদর উপজেলার ধর্মপুর গ্রামের রাবেয়া বেগম আগে গরুকে ভূষি ও খুদ খাওয়াতেন। দাম বেড়ে যাওয়ায় মাঠ থেকে ঘাস তুলে গরুকে খাওয়াচ্ছেন
ছবি: প্রথম আলো

ঠাকুরগাঁও সদর উপজেলার ধর্মপুর গ্রাম। গ্রামের পথের ধারের চায়ের দোকানে চলছে নানা জনের গল্প–আড্ডা। এই আলোচনার প্রধান বিষয় জিনিসের দামের ঊর্ধ্বগতি। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর হঠাৎ করে সবকিছুর দাম বাড়ায় ক্ষুব্ধ এখানকার সাধারণ মানুষ।

রফিকুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা বললেন, ‘ব্রয়লার মুরগির কেজি নাকি আইজ ২২০ টাকা লাগিছে?’ তাঁর কথায় সায় দিয়ে জীতেন বর্মণ নামের একজন বলেন, ‘খালি ব্রয়লার মুরগি, সবকিছুর দাম বাড়িছে তো বাড়িছেই। বাজারে গেইলেই বুকখান ধুঁক করে ওঠে।’ কেমন আছেন?—জানতে চাইলে আবুল কালাম নামের একজন বলেন, ‘বেহেশতে আছি।’

ধর্মপুর গ্রামে কৃষিজীবী, শ্রমজীবী আর বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী মানুষের বাস। আজ শনিবার সকালে কথা হয় ওই গ্রামের নানা শ্রেণি–পেশার মানুষের সঙ্গে।

পথের ধারে ঘাস তুলে বস্তায় ভরছিলেন রাবেয়া বেগম (৫৭)। ঘাস কী করবেন?—জানতে চাইলে তিনি বলেন, চারজনের সংসার। ছেলে ছোট্ট একটা পানের দোকান করে। যা আয়, তা দিয়ে কষ্ট করে সংসার চলে। আগে বাজার থেকে ভুসি, খুদ কিনে খাওয়াতেন। এখন সেগুলোর দাম বেড়ে যাওয়ায় তা কিনে খাওয়ানোর সামর্থ্য তাঁদের নেই। এ কারণে তিনি গরুর জন্য ঘাস কাটতে এসেছেন।

আগের বার ধান আবাদে বিঘাপ্রতি খরচ পড়েছিল ১৮ হাজার ৭০০ টাকা। এবার সবকিছুর দাম বাড়তি হওয়ায় প্রতি বিঘায় খরচ বাড়বে প্রায় ৫ হাজার টাকা।
সনাতন রায়, বর্গাচাষি

ময়না বেগম (৫৫) নামের আরেক নারী বললেন, তিনিও দাম বেড়ে যাওয়ায় ছাগলকে চাল আর গমের ভুসি খাওয়ানো বন্ধ করে মাঠে চড়িয়ে ঘাস খাওয়াচ্ছেন। এতে কয়টা টাকা সাশ্রয় হচ্ছে তাঁর। তিনি বলেন, ‘তোমরা বাপু দেশের খবর রাখেন। কহিবা পারিবেন, কবে জিনিসের দাম কমিবে। হামরা শান্তিত ডাল–ভাত খাবা পারিমো। আগতে কোনো মতে চলছিলো, এই তেলের দাম বাড়ার পর হামার জীবন চ্যাপ্টা হয়ে গেইছে।’

কথা হয় পরেশ রায়ের (৪৪) সঙ্গে। তিনি কাপড়ের দোকানে বিক্রয়কর্মীর কাজ করেন। তিনি বললেন, ‘বাজারে আগুন লেগেছে। সব জিনিসের দাম বেড়ে গেছে। চালের দামটা বেড়েছে, সেটা না হয় মানে নিলাম। কিন্তু ডিম আর কাঁচা মরিচ! আগে ভর্তা আর কাঁচা মরিচ দিয়ে ভাত খেয়ে নিতাম। এখন সেটারও উপায় নাই। আর মাসে এক দিন শখ করে ব্রয়লার মুরগি কিনে বাড়ির সবাই আয়েশে খেতাম। আজ শুনি সেই ব্রয়লারের দামও প্রতি কেজি ২২০ টাকা। এখন গরিব মানুষের বেঁচে থাকায় কষ্টকর হয়ে গেছে। যা বেতন পাই, তাতে ১৫ দিনও চলছে না।’

কিছু দূরেই খেতে কাজ করছিলেন কৃষক হাসান আলী। তিনি বললেন, কৃষি করে আর লাভ নাই। বীজ, সার, মজুরি, সেচ—সব ক্ষেত্রেই খরচ বেড়েছে। এতে ফসল উৎপাদনে প্রভাব পড়ছে।

আরেক বর্গাচাষি সনাতন রায় বলেন, ইউরিয়া সারের দাম প্রতি কেজিতে ৬ টাকা করে বাড়ায় প্রতি বিঘা জমিতে ধান উৎপাদনে ১৫০ থেকে ২০০ টাকা বেশি খরচ পড়বে। ডিজেলের দাম প্রতি লিটারে একলাফে ১১৪ টাকা করায় জমি চাষ ও সেচ দিতে অনেক বেশি খরচ করতে হচ্ছে। আগের বার ধান আবাদে বিঘাপ্রতি খরচ পড়েছিল ১৮ হাজার ৭০০ টাকা। এবার সবকিছুর দাম বাড়তি হওয়ায় প্রতি বিঘায় খরচ বাড়বে প্রায় ৫ হাজার টাকা। কিন্তু সে হিসাবে ফসলের দাম পাওয়া যাবে না। এভাবে কৃষিকাজ করা যাবে না।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বেলি বেগম (৪৩)। এক মেয়ে আর মাকে নিয়ে তাঁর সংসার। তিনি বললেন, ‘আগে ১০০ টাকার তরকারি নিলে দুই থেকে তিন দিন চলে যেত। আর এখন এক দিনই যায় না। চাল, ডাল, তেল, আটা, সবজি সব জিনিসের দাম বাড়ছে। কিন্তু আমাদের বেতন তো বাড়ছে না।’

ফেরার পথে পেছন থেকে ডাক দিলেন সেই রফিকুল ইসলাম। ক্ষোভের সঙ্গে বললেন, ‘দেখলাম অনেক খোঁজখবর নিলেন। বুঝলেন তো, আমরা কেমন বেহেশতে আছি!’

বাজারে আগুন লেগেছে। সব জিনিসের দাম বেড়ে গেছে। চালের দামটা বেড়েছে, সেটা না হয় মানে নিলাম। কিন্তু ডিম আর কাঁচা মরিচ!
পরেশ রায়, বিক্রয়কর্মী

এলাকার ঢোলারহাট ও ফাড়াবাড়ি এলাকার বাজারে খোঁজ নিয়ে জানা গেল, প্রতি কেজি মোটা চাল ৪৪ থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে; যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা। প্রতি কেজি স্বর্ণ জাতের চাল বিক্রি হচ্ছে ৫২ টাকায়, যা সপ্তাহখানেক আগে ছিল ৫০ টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৫ টাকায়। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৯০ টাকা, প্রতি কেজি আটা ৪৫ টাকা। গত সপ্তাহে প্রতি হালি ফার্মের ডিম ৩৬ টাকায় বিক্রি হচ্ছিল। আর এ সপ্তাহে সেই ডিমের দাম বেড়ে হালি প্রতি ৪৪ টাকা হয়েছে। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। আর প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকায়। আর প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।