
ঢাকার সাভারে একটি হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে ছয়জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামিনে বের হয়ে আসা আসামিসহ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল রোববার বিকেলে হেমায়েতপুরের জাদুরচর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক নারী।
আহত ব্যক্তিরা হলেন জাদুরচর এলাকার সেলিনা আহম্মেদ (৫২) ও তাঁর ছেলে আহম্মেদ সানি (২৯), ভাই ফারুক হোসেন (৪৭), দেলোয়ার হোসেন (৪৫), শাহীন মাহমুদ (৩৭) ও ভাতিজা আবিদ হাসান (১৭)। তাঁদের মধ্যে সানিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতাল ও অন্যদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে বাদী সেলিনা আহম্মেদ জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে হেমায়েতপুরের জাদুরচর পশ্চিমপাড়ায় অবস্থান করছিলেন তিনি। এ সময় আগের একটি হত্যা মামলার সাক্ষী হওয়াকে কেন্দ্র করে জামিনে মুক্ত হওয়া আসামি রকিবুল ইসলাম ফয়সাল (২৮) ও তাঁর বাবা কিয়াম উদ্দিনের (৫৮) সহযোগিতায় রিপন (২৮), জিয়া (৪৬), সুজন (২০), জাহাঙ্গীর আলম (৩৬), আশরাফুল ইসলাম (১৯), রাফিউল ইসলাম (২০), মুরাদ হোসেনসহ (২৮) আরও ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে সেলিনা আহম্মেদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তাঁর বাঁ হাত জখম হয়। বিষয়টি দেখতে পেয়ে তাঁর ছেলে সানি, ভাই ফারুক, দেলোয়ার, শাহীন ও ভাতিজা আবিদ এগিয়ে গেলে তাঁদেরও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে সাহাবুদ্দিন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে ফয়সালের বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই মামলায় সম্প্রতি জামিনে বের হয়ে সাক্ষীদের তিনি বিভিন্নভাবে ভয় দেখানোসহ হত্যার হুমকি দেন।
সেলিনা আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘হেমায়েতপুরে সাহাবুদ্দিন হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে এসেছেন। ওই মামলার সাক্ষী আমার ছেলে আহম্মেদ সানি ও ভাই মো. শাহীন। এ কারণে তাঁরা আমাদের কুপিয়েছে।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’