তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘জিয়াউর রহমান ও বিএনপির মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে শুরু করে আমরা বিশ্বাঙ্গনে নিয়ে যাব। যারা মানবাধিকারের কথা বলে দেশে-বিদেশে অপপ্রচার, প্রপাগান্ডা ছড়ায়, তাদের স্বরূপ উন্মোচন করা হবে।’
তথ্যমন্ত্রী আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে দীপ্ত টেলিভিশন নির্মিত প্রামাণ্যচিত্র ‘গণফাঁসি ৭৭’ প্রদর্শনী ও ১৯৭৭ সালে হত্যা-গুমের শিকার সেনাসদস্যদের পরিবারগুলোর সংগঠন ‘মায়ের কান্না’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন একজন ঠান্ডা মাথার খুনি, সকালবেলা নাশতা করতে করতে ফাঁসির আদেশে তিনি সই করতেন। আজ দাবি উঠেছে, একটি শক্তিশালী কমিশন গঠন করে ১৯৭৭ সালে জিয়াউর রহমানের হত্যার শিকার সেনা ও বিমানবাহিনীর অফিসার ও জওয়ানদের বোবা কান্নার সত্য উন্মোচন করে জাতির কাছে জানানো। আমি এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছি।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘যে অজানা কান্নাগুলো হারিয়ে গিয়েছিল, যে কথাগুলো জাতি জানত না, যাঁরা দীর্ঘ ৪৫ বছর ধরে বোবা কান্না নিয়ে বুকের মধ্যে চেপে রেখেছিলেন, যাঁরা অব্যক্ত বেদনার কথা বলতে পারেননি, যাঁদের কান্না নিজের পরিবারও অনেক ক্ষেত্রে শোনেনি, তাঁদের জড়ো করে জিয়াউর রহমানের নির্মমতা ও নিষ্ঠুরতার কাহিনি জাতির সামনে উপস্থাপন করার জন্য দীপ্ত টেলিভিশনকে ধন্যবাদ জানাই।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আজ এখানে যাঁরা বক্তব্য রেখেছেন, তাঁরা জানেন না তাঁদের বাবা ও স্বামীর কবর কোথায়। কখন ফাঁসি হয়েছে, কীভাবে তাঁদের হত্যা করা হয়েছে। এর জবাব খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতাদের কাছে চাই।’ তিনি বলেন, ‘আজ মানবাধিকারের কথা বলে নয়াপল্টনের অফিস ও প্রেসক্লাবের সামনে মির্জা ফখরুলসহ বিএনপির নেতারা বক্তৃতা করেন। ৪৫ বছর ধরে জিয়াউর রহমানের নির্মম হত্যাযজ্ঞের শিকার পরিবারগুলোর কান্না, বঙ্গবন্ধুকে হত্যায় কুশীলবের ভূমিকা ও হত্যার বিচার বন্ধ করা, ২১ আগস্টের গ্রেনেড হামলা, ২০১৩ থেকে ২০১৫ সালে পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মানবাধিকার লঙ্ঘনের জবাব বিএনপি ও তাদের নেতৃবৃন্দের কাছে চাই।’
‘মায়ের কান্না’ সংগঠন ও দীপ্ত টেলিভিশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আলোচক ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি মেজর জেনারেল (অব.) গোলাম হেলাল মোর্শেদ খান, দীপ্ত টেলিভিশনের সিইও ফুয়াদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, ‘মায়ের কান্না’র প্রধান সমন্বয়ক মো. কামরুজ্জামান মিঞা প্রমুখ।