যৌতুকের জন্য পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে শাহিন আলম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮–এর বিচারক বেগম মাফরোজা পারভীন আজ সোমবার এ রায় দেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

প্রথম আলোকে রায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, পাঁচ বছর আগে মেহেরপুরে পারিবারিকভাবে বিয়ে হয় শাহিন আলম ও রিভার। পরে তাঁরা ঢাকার মিরপুরের পাইকপাড়ায় ভাড়া বাসায় সংসার শুরু করেন। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের জন্য শাহীন শারীরিক ও মানসিকভাবে রিভাকে নির্যাতন করে আসছিলেন। ২০১৯ সালের ৮ মে দিবাগত রাত ৩টার দিকে শাহিন আলম রিভাকে মারধর করেন। একপর্যায়ে তিনি রিভাকে সজোরে ধাক্কা দিলে দরজায় থাকা একটি লোহারপাত তাঁর মাথায় ঢুকে যায়। তখন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন রিভা। তাঁকে গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় রিভার মা শহিদা খাতুন বাদী হয়ে মিরপুর থানায় শাহিন আলমকে আসামি করে মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আদালত শাহিন আলমের বিরুদ্ধে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষে ২২ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।