সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষণ

ব্লাউজ কাটা অর্ধেক শিখছিলাম, লাভ হইবো কেমনে: হাসু হিজড়া  

পরিবার থেকে বিচ্ছিন্ন হিজড়ারা নিজেদের মতো করেই উপার্জনের চেষ্টা করেন
ছবি: মানসুরা হোসাইন

‘সমাজসেবা অফিস থেইক্যা টেইলারের ট্রেনিং নিছি। লাভ হইবো কেমনে? কাজ শিখা তো কমপ্লিটই করতে পারি নাই। পেটিকোট আর সালোয়ার কাটতে ও সেলাই করতে পারি। ব্লাউজ কাটা অর্ধেক শিখছিলাম। ট্রেনিং শেষে ১০ হাজার টাকা আর একটা সেলাই মেশিন দিছিল। এক গরিব মাকে মেশিনটা দিয়া দিছি, পরে তিনি আমারে দুই হাজার টাকাও দিছেন। মিছা কথা কমু ক্যান? আর ১০ হাজার টাকা দিয়া ঘর ভাড়া দিছি, খাওনের টাকা দিছি।’

৩৫ বছর বয়সী হাসু হিজড়া বলছিলেন এসব কথা। কুমিল্লা সমাজসেবা কার্যালয় থেকে ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ শেষে পুনর্বাসিত হিজড়াদের এক তালিকায় হাসুর নাম আছে।

সমাজসেবা অধিদপ্তরের হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমে কর্মক্ষম হিজড়াদের ৫০ দিনের প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে অফেরতযোগ্য ১০ হাজার করে টাকা দেওয়া হতো। ২০১৮-১৯ অর্থবছর থেকে এ কার্যক্রম বন্ধ আছে। এ কার্যক্রমের আওতায় ৫০ বছর বা তার বেশি বয়সী হিজড়াদের বিশেষ ভাতা ও শিক্ষা উপবৃত্তি দেওয়ার জন্য উপকারভোগীদের খুঁজে পাওয়া যায় না। তবে কাগজে–কলমে হিজড়ারা ভাতা এবং উপবৃত্তি সবই পাচ্ছেন। তেমনই একজন হাসু।

টিকে থাকতে বিভিন্ন উপায়ে জীবিকা নির্বাহ করেন হিজড়ারা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম’ বাস্তবায়ন করছে। ২০১২-১৩ অর্থবছর থেকে এটি শুরু হয়। তবে এ পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।  ২০১৫-১৬ অর্থবছর থেকে ৬৪টি জেলায় চলছে।

এ কার্যক্রমে এখন পর্যন্ত ৬৫ কোটি ৮১ লাখ ২০ হাজার ৬০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর চলতি অর্থবছরে বরাদ্দ আছে ৫ কোটি ৫৬ লাখ টাকা। ২০১৩ সালে করা একটি নীতিমালার আওতায় বাস্তবায়িত কার্যক্রমের আওতায় হিজড়া ব্যক্তিদের শনাক্তকরণ ও পরিচয়পত্র দেওয়া, বয়স্ক হিজড়াদের বিশেষ ভাতা, শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, কর্মক্ষম হিজড়াদের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের পরে পুনর্বাসন করার কথা।

যেভাবে চলছে কার্যক্রম

কুমিল্লা সমাজসেবা কার্যালয় হাসুসহ এ ধরনের ১৩ জনের তালিকা করে তা ঢাকায় সমাজসেবা অধিদপ্তরে পাঠিয়েছে গত অক্টোবর মাসে। এ তালিকায় হাসুসহ ছয়জনের নামের পাশে লেখা রয়েছে—‘বাসায় সেলাই মেশিন ব্যবহার করেন।’ যখন প্রশিক্ষণ কার্যক্রম চলমান ছিল, তখন প্রশিক্ষণের সময় জনপ্রতি ৪০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে অফেরতযোগ্য ১০ হাজার টাকা দেওয়া হতো।

বয়স্ক হিজড়াদের বিশেষ মাসিক ভাতা ৬০০ টাকা করে দেওয়া হচ্ছে। উপবৃত্তির ক্ষেত্রে প্রাথমিকে ৭০০ টাকা, মাধ্যমিকে ৮০০ টাকা, উচ্চমাধ্যমিকে ১০০০ টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১ হাজার ২০০ টাকা করে দেওয়া হচ্ছে।

রান্নার কাজ করছেন একজন হিজড়া

এ কর্মসূচিতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন, হিজড়া উন্নয়ন কার্যক্রমে শুরু থেকেই নমনীয় থাকার চেষ্টা করা হয়েছে। ফলে কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার যে বয়স তা না হলেও চেয়ারম্যানের কাছ থেকে আনা সনদ দেখেই অনেক সময় অনেককে ভাতা দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মতে, এটাকে ঠিক অনিয়ম বা দুর্নীতি বলা যায় না।

গত এক বছরেরও কম সময় ধরে দায়িত্ব পালন করা হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের উপপরিচালক মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, হিজড়াদের টাকা হিজড়াদের হাতেই গেছে। এ টাকা অন্যদের মেরে খাওয়ার কোনো সুযোগ নেই। তবে অনেক ক্ষেত্রে হয়তো পুরোপুরি নীতিমালা মেনে চলা সম্ভব হয়নি। বর্তমানে হিজড়াদের ডেটাবেজের কাজ শুরু হয়েছে। ডেটাবেজ থাকলে তখন আর সমস্যা হবে না।

কাগজে-কলমে উপকারভোগীর সংখ্যা

সমাজসেবা অধিদপ্তরের নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত অর্থবছরে ২ হাজার ৬০০ জনকে ভাতা দেওয়ার কথা ছিল। তবে উপকারভোগী হিসেবে পাওয়া যায় ১ হাজার ৩০৩ জনকে। শিক্ষা উপবৃত্তি দেওয়ার কথা ছিল ১ হাজার ২২৫ জনকে, তবে উপবৃত্তি দেওয়ার জন্য ২৫৩ শিক্ষার্থীকে পাওয়া যায়।

সরকারের কার্যক্রমের উপকার পান না বা জানেন না অনেক হিজড়া। পথে অনেককেই দেখা যায় ভিক্ষা করতে

১২ ডিসেম্বর সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে (সর্বশেষ হালনাগাদ ২৮ আগস্ট) দেখা যায়, ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কার্যক্রমের বিভিন্ন তথ্য দেওয়া আছে। ২০১২-১৩ অর্থবছরে শিক্ষা উপবৃত্তির তালিকায় ছিল ১৩৫ জন, প্রশিক্ষণের জন্য ছিল ৩৫০ জন, মোট উপকারভোগীর সংখ্যা ছিল ৪৮৫।

২০১৩-১৪ অর্থবছরে শিক্ষা উপবৃত্তি ৭৬২ জন, বিশেষ ভাতার জন্য ১ হাজার ৭১ জন, প্রশিক্ষণের জন্য ৯৫০ জন, মোট উপকারভোগীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৯০৩। এভাবে ২০২১-২২ অর্থবছরে শিক্ষা উপবৃত্তি  ১ হাজার ২২৫ জন, ভাতা  ২ হাজার ৬০০ জন, প্রশিক্ষণ ১ হাজার ৯২০ জন, মোট উপকারভোগী ছিল ৫ হাজার ৭৪৫ জন। ২০২২-২৩ অর্থবছরে মোট উপকারভোগী আছে ৪ হাজার ৭৮৫ জন।

সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে (সর্বশেষ হালনাগাদ ২৮ আগস্ট) দেওয়া তথ্য বলছে, কার্যক্রম শুরু থেকে এ পর্যন্ত ১৫ হাজার ৮২০ জন হিজড়াকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণের পর সহায়তা করা হয়েছে ৭ হাজার ৪১০ জনকে। ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ৯০০ জনের প্রশিক্ষণ এবং এ সংখ্যক উপকারভোগীকে প্রশিক্ষণ শেষে সহায়তা করার কথা উল্লেখ আছে। এর পর প্রশিক্ষণের ঘরে পরপর তিন অর্থবছরে ১ হাজার ৯২০ জন এবং  ২০২২-২৩ অর্থবছরে প্রশিক্ষণের তালিকায় ৯৬০ জনের কথা উল্লেখ থাকলেও এই অর্থবছরগুলোতে প্রশিক্ষণউত্তর সহায়তার কোনো পরিসংখ্যান উল্লেখ করা হয়নি।

তবে প্রথম আলোর পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ই-মেইল করে যে তথ্য পাওয়া গেছে, সে তথ্য বলছে, এ পর্যন্ত ৭ হাজার ৪১০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সবাইকে সমাজে পুনর্বাসন করা হয়েছে। এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন, অনেকে একাধিকবার প্রশিক্ষণ নিয়েছেন, তাই ওয়েবসাইটে দেওয়া সংখ্যাটা বেশি হতে পারে।

জনশুমারি ও গৃহগণনা ২০২২ সালের প্রাথমিক ফলাফল বলছে, দেশে হিজড়া জনগোষ্ঠী আছে ১২ হাজার ৬২৯ জন। ২০১৪ সালের ২৬ জানুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার দেশের হিজড়া জনগোষ্ঠীকে হিজড়া লিঙ্গ হিসেবে চিহ্নিত করে স্বীকৃতি দিয়েছে।

প্রশিক্ষণ ও পুনর্বাসনের অবস্থা

সমাজসেবা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছে, প্রশিক্ষণের পর কাজের মাধ্যমে হিজড়ারা সমাজে প্রতিষ্ঠিত বা পুনর্বাসিত হওয়ার সুযোগ পেয়েছে। তবে প্রশিক্ষণ নেওয়া হিজড়ারা বলছেন, প্রশিক্ষণ পেলেও তাঁরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারেননি। প্রশিক্ষণের পরে যে ১০ হাজার টাকা দেওয়া হয় এটাকে সরকারের অর্থের অপচয় বলছেন তাঁরা।

প্রশিক্ষণ নেওয়া ৫০ জনের মধ্যে হয়তো এক বা দুজন একদম ছোট পরিসরে কোনো কাজ শুরু করতে পারলেও পুঁজির অভাবে তা চালাতে পারছেন না। প্রশিক্ষণের পর বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রশিক্ষণার্থীদের যুক্ত করে দেওয়ার কথা থাকলেও তা হয়নি। নজরদারির অভাবে প্রশিক্ষণার্থীদের অনেকেই আবার তাঁদের আগের পেশায় ফিরে গেছেন।

কুমিল্লার হাসু হিজড়া জানান, তিনি বিভিন্ন বাসায় জন্ম নেওয়া বাচ্চাদের নাচানো, বাজার থেকে চাঁদা তোলাসহ হিজড়া সংস্কৃতির বিভিন্ন কাজ করছেন। তবে মানুষের গালি শুনে এই বয়সে এখন আর তাঁর এ ধরনের ভিক্ষাবৃত্তি ভালো লাগে না। কিন্তু জীবনের তাগিদে এগুলো ছাড়তেও পারছেন না।

সরকারের ব্যয় সংকোচন নীতির আওতায় পড়েছে হিজড়াদের প্রশিক্ষণ কর্মসূচি। কর্মরত ব্যক্তিরা বললেন, ৫০ দিনের প্রশিক্ষণ কর্মসূচি আপাতত বন্ধ। ছোট পরিসরে ১২ দিনের প্রশিক্ষণের প্রস্তাব পাঠানো হলেও তা এখনো অনুমোদন পায়নি।

কার্যক্রমের আওতায় হেয়ারকাটিং, বিউটিফিকেশন, ড্রাইভিং, মোবাইল, টিভি, ফ্রিজ, এসি মেরামত, অটোমোবাইল, নিরাপত্তাকর্মী, আনসার, ভিডিপি, নার্সিং, ওয়ার্ডবয়, কৃষি, মৎস্য ও পশুপালন ও কম্পিউটার ইত্যাদি প্রশিক্ষণ দেওয়ার কথা।

১৮ বছরের বেশি বয়সীদের প্রশিক্ষণের মাধ্যমে হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের সমাজের মূলস্রোতধারায় আনাসহ বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে এ কার্যক্রম শুরু হয়েছিল।

নীতিমালা অনুযায়ী, হিজড়া জনগোষ্ঠীর মনোসামাজিক কাউন্সেলিং, জীবনমান উন্নয়নে সামাজিক সচেতনতা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া, সুবিধাভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ, পরিবীক্ষণ ও সংশ্লিষ্ট কমিটিকে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়া এবং প্রশিক্ষণ পরবর্তী আত্মকর্মসংস্থানের জন্য ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহযোগিতা করার কথা।

তবে রাজবাড়ী সদরের ট্রান্সজেন্ডার তানিশা ইয়াসমিন চৈতি জানালেন, তাঁর আগ্রহ ছিল বিউটি পারলার বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার। তবে শুধু টেইলারিং এর সুযোগ ছিল। এ ছাড়া প্রশিক্ষণের পরে ঋণ পেতে কোনো সহযোগিতা পাননি তিনি।

সমাজসেবা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন, প্রশিক্ষণ দেওয়ার পর নির্ধারিত কাজের প্রতি হিজড়াদের মনোযোগী করে রাখাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ।

ভাতা অপ্রতুল

মাঠপর্যায়ে একাধিক হিজড়া ও গুরু মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে সরকারের পক্ষ থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তি দেওয়া হচ্ছে, তা–ই জানেন না।

হিজড়াদের জীবনমান উন্নয়ন কার্যক্রমে আগে যাঁরা দায়িত্বে ছিলেন এবং বর্তমানে যাঁরা দায়িত্ব পালন করছেন তাঁরা জানান, ভাতাভোগীদের যেহেতু পাওয়া যায় না তাই অনেক সময় বিভিন্ন শর্ত শিথিল করে ভাতা দেওয়া হয়েছে। তবে বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (নগদ ও বিকাশ) মাধ্যমে জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণে সে সুযোগ আর নেই।

ভাতাভোগীদের সব তথ্য যাচাই–বাছাই করা হচ্ছে। ফলে এখন অনেকেই বাদ পড়ে যাচ্ছেন। উপবৃত্তি এবং বয়স্ক হিজড়াদের বিষয়টিও তাই এখন আলোচিত হচ্ছে।
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের উপপরিচালক মো. শাহজাহান জানান, বয়স্ক হিজড়াদের ক্ষেত্রে বয়সের কোনো শর্ত না রেখে এ ভাতা দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে।

একইভাবে উপবৃত্তির ক্ষেত্রেও আলোচনা চলছে। কেননা, কিশোর-কিশোরী হওয়ার আগে বা পরিবার ছেড়ে বাইরে বেরিয়ে না এলে হিজড়া কি না, তা জানাই যাচ্ছে না। পরিবারও বিষয়টিকে গোপন করতে চায়।

ভাতাভোগী পাওয়ার ক্ষেত্রে জটিলতা থাকায় এ পর্যন্ত এই কার্যক্রমে মোট কত বরাদ্দ ছিল এবং খরচ করতে না পারায় কত টাকা সরকারি কোষাগারে জমা দিতে হয়েছে সে তথ্য দিতে পারেননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

লতিফা হিজড়া, শামীমের গল্প

রাজধানীর শ্যামপুরের লতিফা হিজড়া নিজের বয়স কত তা বলতে পারলেন না। তবে বয়স ৫০ বছরের কম হবে না বলে মন্তব্য করলেন। তিনি কয়েক বছর ধরে বয়স্ক ভাতা পাচ্ছেন। তিনি জানান, শহুরে মানুষ কম সন্তানের জন্ম দিচ্ছে, ফলে বাচ্চা নাচানো বা হিজড়াগিরি করে এখন আর আগের মতো আয় হয় না। বাজার ঘুরে ‘সল্লা’ তুলে বা দিনে যা পান, তার বড় অংশ গুরু মাকে দিতে হয়। বয়স্ক ভাতা হিসেবে যে টাকা পাচ্ছেন তা দিয়ে কিছু ওষুধপত্র কিনতে পারেন। মাসিক ৬০০ টাকার জায়গায় অন্তত এক হাজার টাকা দিলে তাঁর জন্য একটু ভালো হতো।

নীলফামারীর শামীম ইসলামের বয়স ১১ বছর। পড়ছে পঞ্চম শ্রেণিতে। শামীমের বাবা কৃষিশ্রমিক আশরাফ আলী মুঠোফোনে জানান, ছেলে হিজড়া বিষয়টি তিনি গোপন করেননি। তৃতীয় শ্রেণি থেকে ছেলে শিক্ষা উপবৃত্তির তালিকায় আছে। তবে এ পর্যন্ত একবার শুধু এক হাজার টাকা পেয়েছেন।

রাজধানীর এক সিগন্যালে কথা হয় মনিকা হিজড়া প্রথম আলোকে জানান, তাঁর গুরু মা তাঁকে সরকারের ভাতার কথা উল্লেখ করে মাসে ১ হাজার ২০০ টাকা দেন। তবে এ ভাতা কিসের জন্য দেওয়া হচ্ছে তা তিনি জানেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক হিজড়া অভিযোগ করলেন, ভাতার জন্য গুরু মায়ের কাছে সরকারি কর্মকর্তারা তালিকা চান। ফলে ভাতার তালিকায় নাম উঠলে এই গুরু মায়েরা ভাতার বড় একটি অংশ নিজে নিয়ে নেন।

হিজড়া, ট্রান্সজেন্ডার শনাক্তেই বিভ্রান্তি

কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা আনার জন্য হিজড়াদের ডেটাবেজ তৈরির কথা ছিল। ‘হিজড়াত্ব’ চিহ্নিতকরণের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও শহর এলাকায় সিভিল সার্জনের সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট সমাজসেবা অফিসার ও উপপরিচালক নিবন্ধন ও পরিচয়পত্র দেবেন বলে নীতিমালায় উল্লেখ ছিল। নিবন্ধন বই সংরক্ষণ, তালিকা হালনাগাদ করাসহ বিভিন্ন কাজ করার কথা ছিল। তবে বিভিন্ন জটিলতায় পড়েছে হিজড়া ব্যক্তিদের শনাক্তকরণ ও পরিচয়পত্র দেওয়ার কার্যক্রমও।

২০১৮ সালে জাতীয় মানবাধিকার কমিশনে নির্বাহী এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করেছেন রাজবাড়ীর তানিশা ইয়াসমীন চৈতি। বর্তমানে রাজবাড়ীতে বিউটি পারলার পরিচালনা করছেন। তিনি হিজড়া বা ট্রান্সজেন্ডার কি না, এ ধরনের শারীরিক পরীক্ষায় তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। হিজড়াদের কল্যাণ ও পুনর্বাসনের অংশ হিসেবে ২০১৪ সালে সমাজসেবা দপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পরে তা স্থগিত করা হয়েছিল।

তানিশা জানান, নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে তিনিসহ মোট ১৪ জন উপস্থিত হয়েছিলেন। তিনি বলেন, সে পরীক্ষার সময় গোপনীয়তার কোনো বালাই ছিল না। একেকজনের কাপড় খুলে চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা করেন। সেখানে কোনো মনোবিজ্ঞানী উপস্থিত ছিলেন না।

তানিশা বলেন, ‘আমরা সব সময়ই বলে আসছি, আমাদের শরীর হয়তো পুরুষের বা নারীর, কিন্তু আমরা মানসিকভাবে নিজেকে মেয়ে বা ছেলে ভাবি। তবে আমাদের এ কথা গণনায় নেওয়া হয়নি।

জানিয়ে দেওয়া হয়, আমরা পুরুষ। অথচ সেই আমিই হিজড়া (ট্রান্সজেন্ডার হিসেবে স্বীকৃতি নেই) হিসেবে পরে সমাজসেবার প্রশিক্ষণ নিয়েছি। শিক্ষা উপবৃত্তি পেয়েছি। আমরা মেডিকেল পরীক্ষার বিপক্ষে নই, তবে আমাদের সঙ্গে আলোচনা করে নীতিমালা প্রণয়ন করে সে নীতিমালার আওতায় এ পরীক্ষা হতে হবে।’