সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি। তাঁর পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে।
মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব জানিয়েছেন, তাঁর বাবার মরদেহ আপাতত বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হবে। তিনি বলেছেন, তাঁর দুই ভাই-বোন বিদেশে আছেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তাঁরা ইতিমধ্যে দেশের পথে রওনা করেছেন। তাঁরা দেশে ফিরলে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মাহবুব তালুকদার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকালে অক্সিজেনের পরিমাণ কমে গেলে দুপুর ১২টার দিকে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, মাহবুব তালুকদার ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বেলা দেড়টার দিকে সেখানে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
মাহবুব তালুকদার ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। তিনি ঢাকা নবাবপুর হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে তিনি জগন্নাথ কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ও মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দেন।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব শুরু করেন। এ বছরের ফেব্রুয়ারিতে পাঁচ বছর মেয়াদ শেষ হয় তাঁর।