নূরুল হুদা, কে এম খালিদ, মো. আবুল মনসুর এবং এ এইচ এম লোকমান। বৃহস্পতিবার সকালে নজরুল মঞ্চে বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে
নূরুল হুদা, কে এম খালিদ, মো. আবুল মনসুর এবং এ এইচ এম লোকমান। বৃহস্পতিবার সকালে নজরুল মঞ্চে বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে

বাংলা একাডেমির বিজয় মেলা

বিজয়ের সুফল সবার কাছে পৌঁছে দিতে কাজ করতে হবে

‘বিজয় দিবস শুধু ডিসেম্বর মাসের একটি দিন নয়, বরং বাঙালির হাজার বছরের ইতিহাসে ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র অভ্যুদয়ের মাহেন্দ্রক্ষণ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যে বিজয় অর্জন করেছি, তার সুফল দেশের প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দিতে যার যার অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে। বাংলা একাডেমি বিজয় মেলা আয়োজনের মধ্য দিয়ে বিজয়ের প্রত্যয় সবার সামনে উপস্থাপনের প্রয়াস পেয়েছে।’ বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।

মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকালে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাংলা একাডেমির মহাপরিচালকের সভাপতিত্বে একাডেমির নজরুল মঞ্চে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান।

কে এম খালিদ বলেন, বিজয়ের অর্ধশতাব্দী পেরিয়ে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে এক প্রত্যয়দীপ্ত শিরোনাম। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে বিজয় মেলার মতো আয়োজন বিশেষ ভূমিকা পালন করতে পারে।

বেত ও মাটির তৈজসপত্র নিয়ে এসেছে চারুতা ক্র্যাফটস এবং ট্রাইবাল ক্র্যাফটস এনেছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর হাতে তৈরি পোশাক। এ ছাড়া নানা রকম গয়না আর পিঠা রয়েছে বিজয় মেলায়। রয়েছে বাংলার ঐতিহ্যবাহী প্রয়োজনীয় নানা জিনিস। তিন দিনের এই মেলা শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মেলা। এটি সবার জন্য উন্মুক্ত।

আলোচনা অনুষ্ঠান
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আজ ছিল আলোচনা অনুষ্ঠান। মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে এতে বক্তৃতা দেন কবি ও গবেষক মোহাম্মদ সাদিক। তিনি বলেন, ‘বাঙালি কয়েক হাজার বছর ধরে স্বাধীনতার স্বপ্ন দেখেছে। তাই মুক্তিযুদ্ধের বিজয় কেবল বাঙালির রাজনৈতিক বিজয় নয়, আমাদের হাজার বছরের বাঙালি সাহিত্য ও সংস্কৃতির বিজয়। বিজয় দিবসে আমাদের স্মরণ করতে হবে সেই রক্তের ইতিহাস, দীর্ঘশ্বাসের ইতিহাস; যা আমাদের বিজয়ের পথে ধাবিত করেছে। এ বিজয় সমুন্নত রাখতে হলে আমাদের সজাগ থাকতে হবে। বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সততা, মমতা, দেশপ্রেম ও দক্ষতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন
বিজয় দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার সকাল আটটায় বাংলা একাডেমির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।