
বিএনপি কর্মী মকবুল হোসেনকে হত্যার অভিযোগে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তফা জালাল মহিউদ্দিন ও সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। পল্টন মডেল থানার মামলায় তাঁদেরকে গ্রেপ্তার দেখানো হবে।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আসামিদের উপস্থিতিতে এ মামলার শুনানি হয়। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য জানান।
শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক তোফাজ্জল হোসেন আদালতকে বলেন, মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এ দুজন আসামিকে গ্রেপ্তার দেখানো দরকার। শুনানি শেষে আদালত তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ডিবি। মহাসমাবেশ ঘিরে কার্যালয়ের আশপাশে জড়ো হওয়া দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামের এক বিএনপি কর্মী নিহত হন। এ ঘটনায় গত বছরের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান নামের একজন বাদী হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ নভেম্বর রাজধানীর গুলশান থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২৫ সালের ২০ জানুয়ারি মোস্তফা জালাল রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হন।
আরও পড়ুন:
হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম তিন দিন রিমান্ডে
মোস্তফা জালাল মহিউদ্দিনকে আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো